…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক
আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’
ছবি: সংগৃহীত

মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাঁদের একটি বিজয় হিসেবে দেখছেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তরুণ থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে এ রায়কে স্বাগত জানিয়েছেন, আর অনেকে নিজ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।

ক্যাম্পে সাবেকুন নাহার বলেন, ‘যখন মিয়ানমারে ছিলাম তখন বলা হতো তোমরা বাঙালি, এখানে শুনি তোমরা বাংলাদেশি না। নিজেকে লস্ট চাইল্ড, এতিমের মতো লাগত। আইসিজের রায়টি শোনার পর অনুভূতি হয়েছে যেন আমি বাড়ি ফিরে পেয়েছি, আমার পরিবার ফিরে পেয়েছি।’ ২০১৭ সালে রাখাইনের বুচিডং থেকে ১১ বছর বয়সে সপরিবারে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। রায় নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল বলে তিনি জানান।

সাবেকুন নাহার বলেন, ‘রায় শোনার পর আনন্দ লেগেছে, আবার কষ্টও লেগেছে। কারণ তখনকার ভয়ংকর স্মৃতিগুলো আমার মনে পড়ছিল।’

২০১৭ সালে রাখাইনে গুলিতে নিহত হন জোহরা বেগমের স্বামী। তিন সন্তান নিয়ে পাহাড়, জঙ্গল ও নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন তিনি। জোহরা বেগম বলেন, ‘তারা মহিলাদের উপর অনেক অত্যাচার করছে। জেনোসাইড করছে। আমরা ইনসাফ চাই। আমরা নিজ দেশে যেতে পারলেই শান্তি।’

মিয়ানমারের রাখাইনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, সেটিকে জেনোসাইড তথা জাতিগত নিধন অভিহিত করে ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায় দিয়েছে আইসিজে। মিয়ানমার সরকারকে দায়ী করে দেওয়া এই রায় নিয়ে ক্যাম্পে প্রতিক্রিয়া জানিয়েছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গা ইয়থ উইংয়ের ডেপুটি ডিরেক্টর সায়েদুল মোস্তফা শিশু বয়সে নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায় তাঁদের জাতিগত আত্মপরিচয় এবং নাগরিকত্ব ও অধিকার প্রশ্নে বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর ভাষ্য, ‘আমরা রোহিঙ্গা নাকি বাঙালি, এটা মিয়ানমার গভর্নমেন্ট একেবারে কনফিউজ করে ফেলেছিল। উনিশ সালে গাম্বিয়া যে আমাদের পক্ষে মামলা করছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। কেসটা জয়ী হয়ে আমরা ভাগ্যবান মনে করতেছি। মিয়ানমার হিস্টিরিকালি আমাদের ডিনাই করার চেষ্টা করছে, মুছে ফেলার চেষ্টা করছে। দুনিয়া বুঝতেছে যে আমাদের সাথে কী হইছে। আসলে মিয়ানমার আমাদেরকে গণহত্যা করছে, জেনোসাইড করছে—এটাই সত্যি।’

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের ইয়থ উইংয়ের পরিচালক রু মং সই ২০১৭ সালে ১৬ বছর বয়সে বাংলাদেশে আসেন। ২০১৬ সালেও আরেকবার রাখাইনে আক্রমণের শিকার হয়ে বাংলাদেশে এসে তিন মাস থেকে মিয়ানমারে ফিরে গিয়েছিলেন তিনি। রায় নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। যে রায় ঘোষণা করেছে, আমাদের রোহিঙ্গারা অনেক খুশি। আলটিমেটলি আমাদের নিজের দেশে যাবার চেষ্টা করতে হবে। রোহিঙ্গারা যে নির্যাতিত হয়েছে, একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ করছে। আমরা জেনোসাইড ফেইস করছি। এটা একটা আমাদের জন্য সার্টিফিকেট। আমাদের জন্য বড় পাওয়া। এটাকে ব্যবহার করে আমাদের চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে রিপ্যাট্রিয়েশন সহজ হবে।’

আইসিজের রায়ে বাস্তুচ্যুতদের রোহিঙ্গা নামে এবং রাখাইনের জনগোষ্ঠী হিসেবেও উল্লেখ করা হয়েছে। সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গারা যে একটা স্বীকৃত জনগোষ্ঠী, এই কথাটা মিয়ানমার কখনোই স্বীকার করেনি, অন্তত ১৯৮২ সালের পর থেকে। তিনি বলেন, ‘এখন এই রায়টার ফলে আন্তর্জাতিক আদালত তাদের একটা প্রটেক্টেড জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একটা বিষয় যেটা রোহিঙ্গাদের জন্য আত্মপরিচয়ের বিষয়, সেটা তারা পেল। আর দ্বিতীয় হলো, রোহিঙ্গা নামটা দিয়েই কিন্তু আন্তর্জাতিক আদালত তাদের উল্লেখ করেছে। মিয়ানমার কিন্তু এদেরকে রোহিঙ্গা বলে না।’

হুমায়ুন কবির বলেন, রায়ের গুরুত্বপূর্ণ আরেকটি তাৎপর্য তাঁদের নিজ দেশে ফেরা অর্থাৎ প্রত্যাবাসন ইস্যুতে। তাঁর ভাষ্য, রায়ে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবার অধিকারটা যে তাঁদের একটা মৌলিক অধিকার, সেটাও স্বীকৃত হয়েছে। শুধু এই স্বীকৃতি নয়, তাঁরা যেখানে যে অবস্থায় ছিলেন, সেখানে রিস্টোর করতে হবে, তাঁদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। দশ হাজার রোহিঙ্গা যে মারা গেছে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, একথাও স্বীকৃত, যেটাকে জেনোসাইড বলা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে বিচার আদালতের রায় লাইভ সম্প্রচার করে রোহিঙ্গাদের দেখার আয়োজন করেছিল ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গা নামে একটি সংগঠন। ওই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক বলেন, আইসিজের রায়ের পর ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অনেকের ধারণা, এবার তাঁরা দ্রুত নিজ দেশে ফেরত যেতে পারবেন। তিনি বলেন, ‘রোহিঙ্গারা অত্যন্ত আশাবাদী হয়েছে। বিশেষত যেটা লক্ষ্য করেছি, তারা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে চাচ্ছে। প্রত্যাবাসনের দৃষ্টিকোণ থেকে এ রায় রোহিঙ্গাদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে।’

মো. রফিক বলেন, তাঁদের দৃষ্টিতে এ রায় রোহিঙ্গাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করেছে। তবে তিনি বলেন, ‘এ রায়ের বাস্তবায়নে আইনগত ইস্যু আছে। ভূ-রাজনীতি আছে, নানা ইস্যু আছে। কিন্তু আমরা নিজেরা এই রায়কে পুঁজি করে কীভাবে আমাদের অধিকার আদায় করতে পারব, সেটি নিয়ে কাজ করব। আমাদের সংগঠিত হতে হবে এবং ঐক্য তৈরি করতে হবে, কৌশল নির্ধারণ করে সমন্বয়ের সঙ্গে এগুতে হবে। এ ছাড়া আমাদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করতে হবে, এরকম একটা বার্তা আমরা রোহিঙ্গাদের মধ্যে দিয়েছি।’

ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের আশাবাদ যেমন আছে, তেমনি আশঙ্কাও রয়েছে। কারণ এই রোহিঙ্গারা যে রাখাইন থেকে এসেছেন, সেই এলাকা কার্যত এখন আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা নেতা মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা চাই একটা স্থায়ী সমাধান। বার বার আমরা যাব, আবারও ফিরে আসব—এমন প্রত্যাবাসন আমরা চাই না। আমরা এমনভাবে যেতে চাই যাতে আবার ফিরে না আসা লাগে।’

রোহিঙ্গা তরুণ নেতা সায়েদুল মোস্তফা বলেন, ‘এটা আমাদের দেশ না। বাংলাদেশ ছোট একটা দেশ। যারা আমাদের হেল্প করছে। আমরা যদি তাদের উপর বোঝা হয়ে যাই, সেটা বাংলাদেশের জন্য প্রবলেম। আইসিজে রায়কে ব্যবহার করে বাংলাদেশ সরকারের জোরালো তৎপরতা দরকার হবে।’

২০১৭ সালে বাংলাদেশে একসঙ্গে সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর প্রত্যাবাসন নিয়ে নানারকম তৎপরতা দেখা গেছে। একপর্যায়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাস ভাড়া করে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যা সফল হয়নি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যথাযথ প্রস্তুতি এবং সব পক্ষের মতৈক্য হতে হবে। তাঁর ভাষ্য, ‘আমরা বার বার বলছি যে, প্রিপেয়ার্ডনেস বলতে যা বোঝায়, এটা আমাদের দেশের, রোহিঙ্গা কমিউনিটির নিজের এবং ওই পারের সরকারের এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রিপেয়ার্ডনেস একসাথে না হলে প্রত্যাবাসন সাসটেইনেবল হবে না। আপনি নিতে পারবেন জোর করে, কিন্তু পরদিন আবার চলে আসবে।’

প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান মনে করেন, আদালতের রায় প্রত্যাবাসন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, যতগুলো চুক্তি হয়েছে, দেনদরবার হয়েছে, মিটিং হয়েছে, মিনিটস হয়েছে—কোথাও কিন্তু মিয়ানমার বলেনি যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এখন বাংলাদেশ আদালতের রায় কোট করে বলতে পারবে, রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইনের জনগোষ্ঠী। তিনি বলেন, প্রত্যাবাসন সহজ প্রক্রিয়া নয় এবং এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ারই অংশ হবে; তবে এ রায়ের ফলে রোহিঙ্গারা নিজেরা উৎসাহিত হবে, বাংলাদেশেরও কাউন্টারপার্টের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হয়েছে, ফলে প্রত্যাবাসনের প্রক্রিয়াগত ভিত্তি আগের যেকোনো সময়ের চেয়ে সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১২ লাখ ৮ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। নতুন অনুপ্রবেশও থেমে নেই। ২০২৩ সালের নভেম্বর থেকে গত তিন বছরে নতুন করে আরও দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ করছে এখন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের যে অবস্থা, তাতে এই মুহূর্তে প্রত্যাবাসন প্রক্রিয়া একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, আরাকান আর্মি ওই জায়গাগুলো দখল করে রেখেছে, রেস্ট্রিটিউশনের কথা বলা হয়েছে যে তাঁরা পূর্বাবস্থায় ফেরত যাবেন; এই জায়গায় কিছু গ্রাউন্ড ওয়ার্ক লাগবে। তাঁর মনে হয়, একটা নতুন চিন্তা আসবে এবং এই রায়ের পর সকলকে নতুন করে চিন্তা করতে হবে কীভাবে এই সমস্যা সমাধান করা যায়; এ রায় এখানে ভিত্তি হিসেবে কাজ করতে পারে, আর এক্ষেত্রে বাংলাদেশের দিক থেকেও যথেষ্ট পরিমাণে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

রোহিঙ্গা জেনোসাইডের রায়কে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সরকার অন্যায্য হিসেবে অভিহিত করেছে। তবে বিশ্লেষকরা মনে করেন, আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর একটা আন্তর্জাতিক চাপ হিসেবে কাজ করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন
জাতীয়

‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন

বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে লক্ষ্য ছিল তিনটি…

জাতীয়

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজারবাগে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি

দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকি…

জাতীয়

পঞ্চগড় সীমান্তে ড্রোন ও সিসিটিভিতে বিজিবির বিশেষ নজরদারি, টহলে অল-টেরেইন যান

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায…

জাতীয়

দেবীগঞ্জের দেবদারুতলা হাটে জমে উঠেছে জলপাইয়ের মৌসুম: দিনে বেচাকেনা ২০০ টন পর্যন্ত, মূল্য অর্ধকোটি টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি …