ডেঙ্গুতে এক দিনে মৃত্যু নেই, নতুন ভর্তি ৬১৯ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই রোগীরা ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রামে ১২৪ জন, খুলনায় ১০৬ জন, বরিশালে ৭০ জন, ময়মনসিংহে ৪৩ জন, রাজশাহীতে ৪৩ জন, রংপুরে ২৮ জন ও সিলেটে আটজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২৭ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।
মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২৭ দিনে মারা গেছেন ১০৮ জন।



