ইংল্যান্ডে হাসপাতালে ফ্লু রোগী বাড়ছে, বড়দিনের আগে শিশুদের টিকা দিতে অভিভাবকদের আহ্বান

ইংল্যান্ডে ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় বড়দিনের আগেই শিশুদের ফ্লুর টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এবারই প্রথম ফার্মেসিগুলোকে শিশুদের টিকা দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।
ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ডে স্কুলে টিকা নেওয়ার সুযোগ হাতছাড়া হওয়া হাজারো শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ছয় হাজারের বেশি হাই স্ট্রিট ফার্মেসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে; সোমবার থেকে এনএইচএস অ্যাপ অথবা এনএইচএসের ‘ফাইন্ড আ ফার্মেসি’ ওয়েবপেজের মাধ্যমে বুকিং খুলবে এবং মঙ্গলবার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) ফ্লু টিকাদান কর্মসূচির প্রধান ড. সুজানা ম্যাকডোনাল্ড বলেন, ‘স্কুলের শিশুদের ফ্লুর টিকা দেওয়া হলে তা শুধু তাদেরই সুরক্ষা দেয় না, বরং ছোট ভাইবোন এবং দাদা-দাদির মতো ঝুঁকিতে থাকা পরিবারের অন্য সদস্যদেরও সুরক্ষা দেয়।’
তিনি বলেন, ‘প্রতি শীতেই দুই বছর বয়স থেকে সব শিশুকে ফ্লুর টিকা দেওয়া নিশ্চিত করা এত গুরুত্বপূর্ণ, কারণ এতে টিকা না নেওয়া শিশুদের মধ্যে আমরা যে হাজারো অপ্রয়োজনীয় হাসপাতাল ভর্তি দেখি, তা প্রতিরোধে সাহায্য করে।’
ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘আপনার শিশুদের জন্য ফ্লু টিকার গুরুত্বকে হালকাভাবে নেবেন না। এটি তাদের হাসপাতালের বাইরে রাখতে সাহায্য করবে, এমনকি জীবনও বাঁচাতে পারে। শিশুকে অযথা ঝুঁকিতে ফেলবেন না; আপনার জিপি সার্জারিতে অথবা এই টিকা দিচ্ছে এমন কমিউনিটি ফার্মেসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।’
ফার্মেসিগুলো দুই ও তিন বছর বয়সী শিশুদের জন্য নাকের স্প্রে ফ্লু টিকাও দিচ্ছে। শিশুরা ফ্লুতে খুব অসুস্থ হয়ে পড়তে পারে এবং তা আরও ঝুঁকিপূর্ণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। রিসেপশন থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ৩৫ লাখের বেশি শিশু ইতিমধ্যে টিকা নিয়েছে।
ইউকেএইচএসএর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইংল্যান্ডে ফ্লুতে হাসপাতালে ভর্তির হার ছিল প্রতি এক লাখ মানুষে ৯ জন; আগের সাত দিনে তা ছিল প্রতি লাখে ৫ জন। ২০২৫ সালের একই সপ্তাহে এই হার ছিল প্রতি লাখে ৪ দশমিক ৯ জন।
ইউকেএইচএসএ জানিয়েছে, এই দশকে নভেম্বরের এই সময়ে ভর্তির হার এত উঁচু পর্যায়ে আর কোনো বছর ছিল না। সংস্থাটি নিশ্চিত করেছে, ফ্লু-সদৃশ অসুস্থতা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীর সংখ্যা ‘মৌসুম অনুযায়ী প্রত্যাশিত মাত্রার ওপরে’ রয়েছে।
এনএইচএস ইংল্যান্ডের জাতীয় মেডিকেল পরিচালক অধ্যাপক ফ্রাঙ্কি সোর্ডস বলেন, ‘বড়দিনের আগের সময়টা অভিভাবকদের জন্য খুব ব্যস্ত হতে পারে; তাই এটা দারুণ খবর যে প্রথমবারের মতো, আপনার শিশু স্কুলে টিকা মিস করলে এখন স্থানীয় হাই স্ট্রিট ফার্মেসিতে খুব সহজে তার ফ্লু টিকার বুকিং করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘ফ্লুর মতো শীতকালীন ভাইরাস আবার বাড়ছে, যা এনএইচএসের ওপর সত্যিকারের চাপ তৈরি করে এবং আপনার পরিবারের বড়দিনের পরিকল্পনাও নষ্ট করে দিতে পারে। এই সুযোগ শিশু, পরিবার ও সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার আরেকটি উপায়; তাই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে এখনই বুক করুন।’
শুক্রবার বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে ম্যাকডোনাল্ড বলেন, ‘এই সপ্তাহে আমরা যে সর্বশেষ তথ্য প্রকাশ করেছি, তাতে হাসপাতালে ভর্তির হার গত সপ্তাহের তুলনায় ৮০ শতাংশ বেড়েছে। আমরা দেখছি, এই তীব্র বৃদ্ধি গত মৌসুমের একই সময়ের তুলনায় কয়েক সপ্তাহ আগেই আসছে; অথচ গত মৌসুমই ছিল ২০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে আগাম মৌসুম। হাসপাতালে এত বেশি চাহিদা দেখা যাওয়ার জন্য এটা খুবই আগাম সময়।’



