…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গণতন্ত্র টেকসই করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি জরুরি: শহীদ মিলনের স্মৃতিস্তম্ভে রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। দেশে বারবার ফ্যাসিবাদ, স্বৈরাচার ও একদলীয় শাসনের উত্থানের কারণ হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে না পারা।

তিনি বলেন, ‘গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে, চিরস্থায়ী করতে হলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে।’

৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে শুক্রবার (২৭ নভেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।

রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে যে চেতনা তৈরি হয়েছে, সেই চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে বিভিন্ন সংগ্রামে মানুষ উদ্দীপ্ত হয়েছে।

অনুষ্ঠানে শহীদ মিলনের মা উপস্থিত থাকায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তাঁর মায়ের আকুতি সবাইকে অনুভব করতে হবে। তিনি একজন অসাধারণ নারী। তাঁর উপস্থিতি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনা এবং সহনশীলতার একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক চেতনা ও বোধ থাকা উচিত। মানুষের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু একই সমাজ ও রাষ্ট্রে বসবাস করার কারণে সবার মতামত সহ্য করার মানসিকতা থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ কেবল একজন ব্যক্তির জীবন দেওয়া নয়, বরং একটি বৃহত্তর আদর্শের জন্য আত্মদান। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্র। যারা কোনো আদর্শের জন্য লড়াই করে জীবন দেন, তারাই শহীদ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আস্থার সংকট থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে একই রাজনৈতিক দলের পুনরাবৃত্তি ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার একটি কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের কাঠামো ভিন্ন হলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের শাসন ও জনগণের মতামতের প্রতিফলন।

রিজভী বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটিকে স্থায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু যারা আন্দোলনের মাধ্যমে এ ব্যবস্থার দাবি করেছিলেন, তারাই পরে এটি বিলুপ্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন কোনো রাজনৈতিক দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন পেশাজীবী ও চিকিৎসক ছিলেন এবং দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। বৃহত্তর গণতান্ত্রিক আদর্শের জন্য তাঁর আত্মত্যাগকে স্মরণে রাখতে তাঁর নামে কিছু করা উচিত, যাতে বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডা. শামসুল আলম খান মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটে গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত সভায় যোগ দিতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তাঁর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. মিলন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…