মস্তিষ্কে বসানো যন্ত্রে আলোর ঝলক দেখলেন অন্ধ যুবক, কৃত্রিম বুদ্ধিমত্তায় মিলল বেশি নিয়ন্ত্রণ

স্পেনের একটি হাসপাতালে ২৭ বছর বয়সী এক যুবক, যিনি মস্তিষ্কে আঘাত পেয়ে দৃষ্টি হারিয়েছিলেন, গবেষকদের দেওয়া বৈদ্যুতিক উদ্দীপনায় আলোর ঝলক দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। ঝলকগুলো সীমিত হলেও বিজ্ঞানীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেই মস্তিষ্ক-প্রতিক্রিয়ার ওপর আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ পেয়েছেন। গবেষকদের ভাষ্য, এই অগ্রগতি ভবিষ্যতের কৃত্রিম দৃষ্টিব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলতে পারে।
মানুষ যখন কোনো কিছুর দিকে তাকায়, চোখ থেকে সংকেত মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক সেই দৃশ্য তৈরি করে। কিন্তু সেই সংকেত মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে না পারলে দৃষ্টি ফেরানো কঠিন হয়ে পড়ে। বহু বছর ধরে বিজ্ঞানীরা ইলেকট্রনিক ইমপ্লান্ট দিয়ে কিছুটা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন। কোনো যন্ত্র চোখের পেছনের আলোক-সংবেদী স্তর রেটিনাকে উদ্দীপিত করে, আবার কোনোটি সরাসরি মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়।
এই গবেষণায় ব্যবহৃত যন্ত্রটির নাম ভিজ্যুয়াল কর্টিক্যাল প্রস্থেসিস, যাকে ‘বায়োনিক আই’ নামেও ডাকা হয়। তবে নাম যাই হোক, যন্ত্রটি বসানো হয় চোখে নয়, মস্তিষ্কে। এটি মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্স অংশকে লক্ষ্য করে, যেখানে দৃষ্টির তথ্য প্রক্রিয়াজাত হয়। ওই অংশে বিদ্যুৎপ্রবাহ দিলে মানুষ আলোর ঝলক বা বিন্দু দেখতে পায়, যেগুলোকে বলা হয় ফসফিন। এসব ঝলক উজ্জ্বল বিন্দু বা সরল আকৃতির মতো মনে হতে পারে। তবে মস্তিষ্ক থেকে প্রতিবার একই রকম প্রতিক্রিয়া পাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার গবেষকেরা সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ ও স্পেনের মিগুয়েল হার্নান্দেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় স্পেনে যান। সেখানে হাসপাতাল আইমেড এলচেতে ওই ২৭ বছর বয়সী যুবকের ভিজ্যুয়াল কর্টেক্সে ৯৬টি ইলেকট্রোডসমৃদ্ধ একটি পরীক্ষামূলক ইমপ্লান্ট বসানো হয়। যন্ত্রটি ছয় মাস রাখার পর খুলে ফেলার কথা ছিল।
গবেষণা চলাকালে ইলেকট্রোড দিয়ে ছোট ছোট বৈদ্যুতিক প্রবাহ দেওয়া হলে যুবকটি আলোর ঝলক ও নানা আকৃতি দেখতে পান বলে জানান। এটি উৎসাহজনক হলেও গবেষকেরা আরও এগোতে চেয়েছিলেন। কোন বৈদ্যুতিক সংকেত কেন নির্দিষ্ট অনুভূতি তৈরি করে এবং সেই প্রতিক্রিয়া আরও অনুমানযোগ্য করা যায় কি না, তা বোঝাই ছিল তাঁদের লক্ষ্য।
এখানেই কাজে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিজ্ঞানীরা একটি ডিপ লার্নিং মডেলকে প্রশিক্ষণ দেন, যাতে সেটি বিভিন্ন বৈদ্যুতিক উদ্দীপনায় যুবকটির মস্তিষ্কের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে পারে। ইলেকট্রোডে পাঠানো সেটিংসের ওপর শুধু নির্ভর না করে এআই প্রকৃত মস্তিষ্ক-কার্যকলাপ বিশ্লেষণ করেছে। উদ্দীপনার ঠিক আগের মুহূর্তে মস্তিষ্ক কী অবস্থায় ছিল, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে, কারণ সময়ের সঙ্গে মস্তিষ্কের কার্যকলাপ বদলায় এবং একই সংকেতে প্রতিক্রিয়াও বদলে যেতে পারে।
এই তথ্য ব্যবহার করে গবেষকেরা এমন উদ্দীপনা-ধাঁচ শনাক্ত করেন, যা নির্দিষ্ট মস্তিষ্ক-প্রতিক্রিয়া তৈরির সম্ভাবনা বেশি। এআই-নকশা করা ধাঁচ পরীক্ষা করে দেখা গেছে, কাঙ্ক্ষিত মস্তিষ্ক-কার্যকলাপ তৈরিতে নির্ভুলতা বেড়েছে, আর বিদ্যুৎপ্রবাহ লেগেছে আগের চেয়ে কম। গবেষকেরা আরও দেখেছেন, উদ্দীপনার পরের মস্তিষ্ক-কার্যকলাপই যুবকটি কী দেখেছেন, তা অনুমানে বৈদ্যুতিক সেটিংসের চেয়ে ভালো নির্দেশক।
গবেষণায় নেতৃত্ব দেওয়া ইউসি সান্তা বারবারার সহযোগী অধ্যাপক মাইকেল বেয়েলার বলেন, ‘শেষ পর্যন্ত যন্ত্রটিকে মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, উল্টোটা নয়।’ তাঁর ভাষ্য, এই পদ্ধতি ভবিষ্যতের ইমপ্লান্টকে মস্তিষ্কের কার্যকলাপের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে পারে, প্রতিবার একই উদ্দীপনা-সেটিংসের ওপর নির্ভর না করে। গবেষণাটি ‘নিউরন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই যুবক স্বাভাবিক দৃষ্টি ফিরে পাননি; তিনি দেখেছেন আলোর ঝলক ও আকৃতি। পড়া বা মুখ চেনার মতো কার্যকর দৃষ্টি এই পদ্ধতিতে পাওয়া যায়, তা এখনো প্রমাণিত হয়নি। পরীক্ষাটি হয়েছে মাত্র একজন অংশগ্রহণকারীর ওপর, তাই অন্য মানুষের ক্ষেত্রে পদ্ধতিটি কতটা কাজ করবে, তা জানতে আরও গবেষণা দরকার।
গবেষকদের মতে, প্রযুক্তিটি ব্যবহারিক চিকিৎসায় রূপ নেওয়ার আগে আরও কয়েকটি চ্যালেঞ্জ পেরোতে হবে। আরও বেশি মানুষের ক্ষেত্রে এটি নিরাপদ ও ধারাবাহিকভাবে কাজ করে কি না, তা দেখাতে হবে। বৈদ্যুতিক উদ্দীপনায় তৈরি ঝলক ও আকৃতি কাজে লাগার মতো দৃষ্টি-তথ্যে পরিণত হয় কি না, সেটিও নির্ধারণ করতে হবে। পাশাপাশি মস্তিষ্ক বদলাতে থাকলে ইমপ্লান্টকে সাড়া দেওয়ার সক্ষমতাও ধরে রাখতে হবে।
এই গবেষণা রেটিনা-ভিত্তিক পদ্ধতির থেকে আলাদা পথ নিয়েছে। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনে আক্রান্তদের কেন্দ্রীয় দৃষ্টির কিছুটা ফেরাতে সাহায্য করা ক্ষুদ্র রেটিনা ইমপ্লান্ট রেটিনা ও বিশেষ চশমা নিয়ে কাজ করে। নতুন গবেষণাটি সরাসরি মস্তিষ্ককে লক্ষ্য করেছে। যাঁদের চোখ বা অপটিক স্নায়ু আর দৃষ্টির তথ্য পাঠাতে পারে না, কিন্তু ভিজ্যুয়াল কর্টেক্স উদ্দীপনায় সাড়া দিতে পারে, তাঁদের জন্য এটি আরেকটি বিকল্প হয়ে উঠতে পারে বলে গবেষকেরা মনে করছেন।



