৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে, ছাত্রপ্রতিনিধিদের অনুষ্ঠানে বললেন শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন। ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামের এই অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির।
শফিকুর রহমান বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে। তাঁর ভাষ্য, একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।
অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য নয়। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ক্ষমতাসীন দল গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়েই সংকট তৈরি হয়েছে। একদিকে এই সংকট তৈরি করা, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে আজ ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পাঁয়তারা করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতে বা বসতে দেবে না।
গণ-অভ্যুত্থানের পরে অর্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির প্রস্তাবের বিনিময়ে কেউ কেউ ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। এটিকে তিনি গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন।
ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাঁরা অস্থির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে স্থির করেছেন, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। তবে কাজ এখনো শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে তাঁদের আরও অবদান রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শফিকুর রহমান আরও বলেন, দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাঁরা ছাত্রজীবন শেষ করেছেন, তাঁরা যেন এই কাজে যুক্ত হন, সেই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক জামায়াত আমিরকে প্রশ্ন করেন, সংসদে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলার জন্য বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি কী ভাবছেন। জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমার ডিকশনারিতে কোনো সংখ্যালঘু নাই। তার ধর্ম কী হবে, এটা সে সিলেক্ট করবে। আমার কোনো অধিকার নাই আরেকজনের ওপরে আমার ধর্ম চাপিয়ে দেওয়ার।’
জামায়াতের আমির আরও বলেন, ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু ও সংখ্যালঘু নির্ধারণ করলে চামড়ার রং, মুখের ভাষাসহ আরও অনেক কিছু আসবে। একটি দেশ ও সমাজ এভাবে বিভক্ত হয়ে গেলে সেটি টেকসই হবে না। সবার শুধু ধর্মীয় নয়, নাগরিক ও মানবিক অধিকার ভোগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এস এম খালিদুজ্জামান ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ।
অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব আলম সালেহী এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।




