…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

জামালপুরে সাড়ে ১৭ কোটি টাকার দুই সেতু পড়ে আছে সড়ক ছাড়াই, কাজে লাগছে শুধু ফসল শুকাতে

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে সাড়ে ১৭ কোটি টাকার দুই সেতু পড়ে আছে সড়ক ছাড়াই, কাজে লাগছে শুধু ফসল শুকাতে
ছবি: সংগৃহীত

জামালপুরে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু সংযোগ সড়ক ছাড়াই পড়ে আছে। আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে সড়ক তো দূরের কথা, কোনো জনবসতিও নেই। যান চলাচলের জন্য উন্মুক্ত করার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেতু দুটি দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না; স্থানীয়রা এখন সেখানে ধান, খড় আর মরিচ শুকান।

বড় সেতুটি ৯৫ মিটার দীর্ঘ। এটি নির্মিত হয়েছে জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা গ্রামে। এর নির্মাণ ব্যয় হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। দেড় কিলোমিটার দূরে দ্বিতীয় সেতুটি ৫০ মিটার দীর্ঘ; সেটি হয়েছে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী আটাবাড়ি গ্রামে, যার নির্মাণ ব্যয় ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি সেতু দুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতু দুটি যান চলাচলে কোনো কাজে লাগছে না। স্থানীয় বাসিন্দারা এখন সেতু দুটি দিয়ে কেবল ঝিনাই নদের পশ্চিম তীরে ফসলের মাঠে যাতায়াত করেন। অনেকে সেতুগুলোয় ধান-খড়সহ বিভিন্ন ফসল শুকাতে দেন।

জামালপুর এলজিইডি কার্যালয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সেতু দুটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষে সেতু দুটি ‘যানবাহন চলাচলের’ জন্য খুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ৯৫ মিটার সেতুর পূর্ব পাশে হাটচন্দ্রা গ্রাম জামালপুর সদর পৌরসভার আওতাধীন, আর পশ্চিম তীরে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ভাবকী আটাবাড়ি এলাকা। এই দুই এলাকার মানুষের যাতায়াতের কোনো রাস্তা দুই সেতুর দিকে নেই; বিশাল এলাকাজুড়ে শুধু ফসলি জমি।

বাসিন্দাদের ভাষ্য, বিগত সরকারের সময়ে হাটচন্দ্রার পশ্চিম পাশের এই এলাকায় নকশিপল্লি গড়ে তোলার পরিকল্পনায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করা হয়। পরে নকশিপল্লি করার প্রস্তাব হয় জামালপুর পৌর এলাকার কম্পপুরে। ফলে এই এলাকায় আর সেতুর সংযোগ সড়ক করা হয়নি।

সেতুর সংযোগ সড়ক না থাকা এবং সরকারের কোটি কোটি টাকা অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সেতু দুটির সংযোগ সড়ক করে দেয়।

চন্দ্রা গ্রামের কৃষক আব্দুল করিম বলেছেন, ‘হাসিনার সরকারের সময় এই ব্রিজ করা হয়েছে। কোনো রাস্তাঘাট নাই, ব্রিজ দিছে, এহন আমরা কী করমু, ধান, খড়সহ মরিচ শুকাই।’

একই গ্রামের রহমত মিয়া বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শুনলাম এখানে নাকি নকশিপল্লি দিব। এরপর ব্রিজও করল। হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তন করে নকশিপল্লির স্থান করা হলো কম্পপুর। এরপর আর ব্রিজের জন্য কোনো রাস্তা করা হলো না।’

ভাবকী আটাবাড়ি এলাকার আব্বাস আলী বলেন, ‘ভাবকীর ব্রিজেরও কোনো রাস্তা নাই। দুটি ব্রিজ জনসাধারণের কোনো কাজেই আসছে না।’

এলজিইডির মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘শুনেছি, ওখানে নকশিপল্লি বা কিছু একটা করার প্ল্যান (পরিকল্পনা) ছিল। তবে ব্রিজ যেহেতু হয়েছে, আমি চেষ্টা করব জনগণের চলাচলের জন্য সংযোগ সড়কটি করানোর। আমার কাছে সংযোগবিহীন ব্রিজের তালিকা চাওয়া হয়েছিল। সেখানে দুটি ব্রিজই তালিকাভুক্ত করেছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও ম…

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা
কৃষি

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপ…

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য
কৃষি

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য

যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া …