শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপত্তি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা ফসলি জমিতেই বনায়ন করা হচ্ছে।
গত অক্টোবর থেকে শুরু করে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে। এতে জীবিকা হারানোর শঙ্কায় পড়েছেন কৃষক পরিবারগুলো।
কৃষকদের দাবি, তাঁদের পূর্বপুরুষদের ভোগদখলে থাকা জমি নদীভাঙনে বিলীন হওয়ার পর আবার চর জেগে উঠলে তাঁরা সেখানে চাষাবাদ শুরু করেন। জমিগুলো সরকারি খাস হলেও প্রকৃত চাষিদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে প্রশাসনের দাবি, জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত। বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকায় সেখানে নিয়মিত কৃষিকাজ হয় না। সরকারি কর্মসূচির অংশ হিসেবে বনায়নের জন্য জমিগুলো নির্বাচন করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। স্থানীয়দের ভাষ্য, ১৯৮৫ সালের দিকে পদ্মার বুকে আবার জেগে ওঠে নওপাড়া চর। এর আগে কয়েক দফা নদীভাঙনে বিস্তীর্ণ এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছিল। চর জেগে ওঠার পর ধীরে ধীরে সেখানে বসতি গড়ে ওঠে এবং শুরু হয় কৃষিকাজ।
বর্তমানে ইউনিয়নের ডাইনগাঁও মৌজার বিস্তীর্ণ এলাকায় মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব জমির মালিক ছিলেন তাঁদের পূর্বপুরুষেরা; নদীভাঙনে জমি বিলীন হওয়ার পর চর জেগে উঠলে আগের মালিকদের ওয়ারিশরা আবার সেখানে চাষাবাদ শুরু করেন। কয়েক প্রজন্ম ধরে এসব জমির সঙ্গে তাঁদের পরিবারের জীবিকা জড়িয়ে আছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ডাইনগাঁও মৌজার প্রায় সাড়ে ৬০০ একর জমিই সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে ৪৩৮ নম্বর দাগের ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত অক্টোবরের শুরুতে সেখানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। আগামী জুনের মধ্যে ওই জমিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএনও আব্দুল কাইয়ুম খান।
তবে বনায়ন প্রকল্পের জন্য জমি নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, আশপাশে অনাবাদি খাসজমি থাকা সত্ত্বেও ফসলি জমিতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চাষাবাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে।
স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লার বয়স ৬৮ বছর। পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। পদ্মার বুকে জেগে ওঠা চরে ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। চাষাবাদের খরচ জোগাতে স্থানীয় একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণও নিয়েছেন। জমিতে বনায়নের উদ্যোগ নেওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শরিফ আলী মোল্লা বলেন, ‘এই জমি আমাগো বাপ-দাদার ছিল। নদীভাঙনে জমি হারানোর পর আবার চর জাগলে সেখানে চাষাবাদ শুরু করি। এখন সরকার এই জমিতে গাছ লাগাইবো। সরকার এই জমি লইয়া গেলে আমরা কী করে বাঁচমু?’
একই এলাকার কৃষক জসিম ঢালী (৬০) বলেন, প্রায় ২০ বছর ধরে এসব জমিতে চাষাবাদ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন তাঁরা। তিনি বলেন, ‘জমি যদি খাস হয়, তাহলে সরকার আমাদের বন্দোবস্ত দিক। এই জমির ফসল দিয়েই আমাদের সংসার চলে। গাছ লাগালে আমরা কোথায় যাব?’
আরেক কৃষক সাদেক আলী ব্যাপারী (৫৫) বলেন, ‘আমাগো এই সম্পত্তির বয়স তিনশো বছরের বেশি। আমার দাদায় খাইছে, তাঁর দাদায় খাইছে। নদীভাঙনে জমি বিলীন হইছে, আবার চর জাগলে আমরাই চাষাবাদ শুরু করছি। এসব জমির ফসল বিক্রি করেই সংসার চলে। গাছ লাগানোর কারণে জমি হারালে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে।’
তবে কৃষকদের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইউএনও আব্দুল কাইয়ুম খান। তিনি বলেন, ডাইনগাঁও মৌজার প্রায় সাড়ে ৬০০ একর জমিই নদী শ্রেণিভুক্ত সরকারি খাসজমি। সেখান থেকে ১০০ একর বনায়নের জন্য নির্বাচন করা হয়েছে। জমিগুলো বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে, সেখানে নিয়মিত কৃষিকাজ হয় না। যাচাই-বাছাই করেই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইউএনও বলেন, ‘আমরা যখন বৃক্ষরোপণ শুরু করি, তখন সেখানে কোনো ফসল ছিল না। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে সেখানে ৫০ হাজার বিভিন্ন দেশি প্রজাতির গাছ লাগানো হবে।’
তিনি আরও বলেন, সেখানে কোনো দরিদ্র কৃষক নেই; রয়েছেন জমি ভোগদখলকারী মহাজন ও তাঁদের অধীনে কাজ করা শ্রমিক। খাসজমিতে বনায়নের উদ্যোগ নেওয়ায় ভোগদখলকারীদের স্বার্থে আঘাত লেগেছে, এ কারণে তাঁরা শ্রমিকদের সামনে রেখে বিরোধিতা করছেন বলে তাঁর ভাষ্য।
ইউএনওর ভাষ্য, বনায়ন বাস্তবায়িত হলে এলাকাটি বিলুপ্তপ্রায় বন্য প্রাণী ও পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে সেখানে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে।




