…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

নিজস্ব প্রতিবেদক
৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
ছবি: সংগৃহীত

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে শুরু হয়েছে ২০২৬-২৭ মাড়াই মৌসুম।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও আখচাষিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম; অতিথিদের জন্য রাখা অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা।

এ উপলক্ষে বিকেলে চিনিকলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মিল কর্তৃপক্ষ। সেখানে বড় পরিসরে সামিয়ানা টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসুল আলম।

ব্যানারে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নাম থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।

এ ছাড়া সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর শামীম, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এবং জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা অনুষ্ঠানে আসেননি।

অনুষ্ঠানে আখচাষি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি কম থাকায় আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। ডায়াসে দাঁড়িয়ে তিনি বলেন, অতিথিদের কীভাবে দাওয়াত দেওয়া হয়েছে, তা তিনি জানেন না; তবে উপস্থিতির সংখ্যা দেখে মনে হচ্ছে অনুষ্ঠান আয়োজনে ঘাটতি রয়েছে।

সাজু বলেন, আখচাষিদের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না, শ্রমিক ইউনিয়নের লোকজনের উপস্থিতিও চোখে পড়ছে না। এমন অনুষ্ঠান দেখে বাইরে থেকে আসা অতিথিরা কী বলবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, আয়োজনের ঘাটতির কারণেই উপস্থিতির হার এত কম এবং এ দায় আয়োজকেরা এড়াতে পারবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন এবং সাংবাদিক তারেক মাহমুদ।

পরে সন্ধ্যায় ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

মিলের জিএম (কৃষি) আলাউদ্দিন বলেন, এর আগে ২০২৫-২৬ মৌসুমে ৮৪ দিনে ৮৪ হাজার ৯৪১ টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। তিনি আরও বলেন, অনুষ্ঠানে আখচাষিদের যথারীতি আমন্ত্রণ জানানো হয়েছিল; তবে উপস্থিতির হার কম হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

দেওয়ানগঞ্জ ও ইসলামপুর এলাকার আখ চাষের ওপর নির্ভর করে ১৯৫৭ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ‘জিল পাক সুগার মিল’ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর এর নামকরণ করা হয় ‘জিল বাংলা সুগার মিলস’। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬৮টি মাড়াই মৌসুম সম্পন্ন করেছে মিলটি। এর মধ্যে মাত্র ১৯টি মৌসুমে লাভের মুখ দেখেছে প্রতিষ্ঠানটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও ম…

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা
কৃষি

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপ…

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য
কৃষি

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য

যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া …