…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃতদের চারজনের একজন ডায়াবেটিস রোগী, আইইডিসিআরের মৃত্যু পর্যালোচনায় উঠে এলো আগের অসুস্থতার ভার

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে মৃতদের চারজনের একজন ডায়াবেটিস রোগী, আইইডিসিআরের মৃত্যু পর্যালোচনায় উঠে এলো আগের অসুস্থতার ভার
ছবি: সংগৃহীত

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে চারজনের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক মৃতের উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগও ছিল। চিকিৎসকদের ভাষায় একে বলে ‘কো-মরবিডিটি’, অর্থাৎ রোগীর আগে থেকে থাকা অন্য অসুস্থতা। দেশের ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের মৃত্যু পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পেয়েছে। এতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় আগে থেকে থাকা শারীরিক সমস্যাগুলোও বিবেচনায় নেওয়ার গুরুত্ব উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা ৫২০ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৭৬ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আর বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৫ হাজার রোগী।

আইইডিসিআর কয়েকটি সরকারি মেডিকেল কলেজ ও নামী বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া ১১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য সম্প্রতি বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায়, যাঁদের তথ্য পাওয়া গেছে তাঁদের মধ্যে ১০২ জনের মধ্যে ২৫ জনের (২৪ দশমিক ৫ শতাংশ) ডায়াবেটিস ছিল। ১০৭ জনের মধ্যে ২০ জনের (১৯ শতাংশ) উচ্চ রক্তচাপ এবং ১০১ জনের মধ্যে ৮ জনের (৮ শতাংশ) দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল। এ ছাড়া ৯৩ জনের মধ্যে ৪ জন (৪ দশমিক ৩ শতাংশ) গর্ভবতী এবং ৮৭ জনের মধ্যে ৫ জন (৬ শতাংশ) স্থূলতায় আক্রান্ত ছিলেন।

স্বাস্থ্যবিদেরা বলেন, ডায়াবেটিসে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ডেঙ্গু হলে জটিলতার আশঙ্কা বেশি থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কিডনি, লিভার ও হৃৎপিণ্ড আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকতে পারে। ডেঙ্গু হলে এসব অঙ্গের কার্যকারিতা আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। তাই ঝুঁকি নির্ভর করে ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে এবং অঙ্গগুলো আগে থেকে কতটা ক্ষতিগ্রস্ত, তার ওপর।’

বে-নজির আহমেদ আরও বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত কারও ডেঙ্গু সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তের শর্করা, প্লেটলেট, হেমাটোক্রিট বা পিসিভিসহ প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। ঝুঁকির লক্ষণ দেখা গেলে হাসপাতালে ভর্তি হতে হবে।’

আইইডিসিআরের পর্যালোচনায় আরও দেখা গেছে, রোগের লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে দেরি করেছে অধিকাংশ রোগী। তথ্য পাওয়া ৮৩ জনের মধ্যে ৬৮ শতাংশ জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের বেশি সময় পর চিকিৎসা নিয়েছে। হাসপাতালে অবস্থানের মধ্যম সময় ছিল দুই দিন। ১১৩ জনের মধ্যে ৪৩ জন হাসপাতালে ভর্তির দিন অথবা পরদিন মারা যায়—অর্থাৎ পর্যালোচিত মৃত্যুর বড় অংশ ঘটেছে ভর্তির প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

মৃত রোগীদের লক্ষণ বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগীর জ্বর ছিল—১১৭ জনের মধ্যে ১১০ জনেরই জ্বর পাওয়া গেছে। ১০৯ জনের মধ্যে ৮৫ জনের শকের লক্ষণ ছিল। এ ছাড়া ১০৪ জনের মধ্যে ৭৩ জনের ত্বক ঠান্ডা ও ঘামযুক্ত ছিল এবং ৬৮ জনের শ্বাসকষ্ট ছিল। ১০২ জনের মধ্যে ৫৬ জনের চেতনার পরিবর্তন দেখা গেছে, আর রক্তক্ষরণের লক্ষণ ছিল ১০৫ জনের মধ্যে ৩৭ জনের।

হাসপাতালে মৃত রোগীদের চিকিৎসা ও সেবার ধরন বিশ্লেষণ করে তাঁদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার চিত্র পাওয়া গেছে। ১০৩ জনের তথ্যের মধ্যে ৭০ শতাংশই আইসিইউতে ভর্তি ছিল। মৃত্যুর সঙ্গে চিকিৎসা নিতে বিলম্ব, ভর্তির সময় রোগীর সংকটাপন্ন অবস্থা এবং চিকিৎসাসেবার বিভিন্ন পর্যায়ের জটিলতার সম্পর্কও উঠে এসেছে।

ডায়াবেটিসের সঙ্গে ডেঙ্গুর জটিলতা ও মৃত্যুর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায়ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা ও তথ্যবিশ্লেষণী সংস্থা এলসেভিয়ারের ‘নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশনস’ সাময়িকীর ৭২তম সংখ্যায় প্রকাশিত গবেষণায় ১৯৮৭ থেকে ২০২৫ সালের মধ্যে ২৭টি পর্যবেক্ষণমূলক গবেষণার প্রায় সাড়ে ৭ লাখ ডেঙ্গু রোগীর তথ্য পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্তদের গুরুতর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ গুণ এবং মৃত্যুর ঝুঁকি প্রায় ৪ গুণ বেশি।

তবে বাংলাদেশের আইইডিসিআরের পর্যালোচনায় ডায়াবেটিসে আক্রান্ত ও আক্রান্ত নন—এমন ডেঙ্গু রোগীদের মৃত্যুহারের তুলনা করা হয়নি। ফলে ডায়াবেটিসের কারণে মৃত্যুঝুঁকি কতটা বেড়েছে, তা শুধু এই তথ্য দিয়ে নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন রোগতত্ত্ববিদেরা।

রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি কিডনি রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুর ঝুঁকিতে থাকে। তাদের শুরু থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা এবং নিয়মিত রক্তচাপ ও রক্তের পরীক্ষা করা প্রয়োজন। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি বা উচ্চতর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, অনেক রোগী শুরুতে গুরুতর অসুস্থতা বোধ করে না; বিশেষ করে দরিদ্র মানুষ অসুস্থ অবস্থাতেও কাজ করতে বাধ্য হয়, ফলে হাসপাতালে যেতে দেরি হয়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ‘হাসপাতালগুলোর মৃত্যু পর্যালোচনা থেকে তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ১১৯ জনের তথ্য ডেঙ্গুতে মোট মৃত্যুর তুলনায় একটি উল্লেখযোগ্য অংশ। এই তথ্য দিয়ে সব মৃত্যুর চিত্র পুরোপুরি তুলে ধরা যাবে না। তবে এ ধরনের বিশ্লেষণ থেকে কিছু প্রবণতা ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর আগে ২০২৩ সালে ডেথ রিভিউ হয়েছিল।’

এদিকে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …