বেডসোর প্রতিরোধে প্রাথমিক পরিচর্যার নিয়ম: ত্বক লাল হলেই সতর্ক হতে বলছেন চিকিৎসক
দীর্ঘ সময় বিছানায় বা হুইলচেয়ারে শুয়ে বা বসে থাকা রোগীদের জন্য বেডসোর বা প্রেশার আলসার একটি নীরব কিন্তু কষ্টদায়ক হুমকি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্রেশার ইনজুরি বলা হয়।
এটি মূলত ত্বকের নির্দিষ্ট অংশে দীর্ঘক্ষণ একটানা চাপের ফলে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে ঘটে। একটু সচেতনতা, সঠিক পরিচর্যা এবং নিয়মিত ত্বকের যত্ন নিলে এই সমস্যা থেকে রোগীকে সম্পূর্ণ বা অনেকটা মুক্ত রাখা সম্ভব বলে জানানো হয়েছে।
কোমরের নিচের অংশ, গোড়ালি, নিতম্ব, কনুই ও পিঠের দিকসহ শরীরের যেসব জায়গায় হাড় ত্বকের খুব কাছাকাছি থাকে, সেখানে দীর্ঘক্ষণ একটানা ওজনের চাপে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়।
এর ফলে ত্বক ও তার নিচের টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত, অক্সিজেন ও পুষ্টি পায় না এবং কোষগুলো মারা যেতে শুরু করে।
পক্ষাঘাতগ্রস্ত রোগী, বৃদ্ধ মানুষ, কোমায় থাকা ব্যক্তি বা যাঁরা নিজে থেকে নড়াচড়া করতে পারেন না, তাঁদের ক্ষেত্রে বেডসোরের ঝুঁকি সবচেয়ে বেশি।
প্রতিরোধই বেডসোরের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়ম নিয়মিত মেনে চললে এটি অনেকাংশে এড়ানো যায়।
টিস্যু পুনর্গঠন ও ত্বক সুস্থ রাখতে ডিম, মাছ, মাংস ও ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি দরকার। পুষ্টির অভাবে ত্বক দ্রুত দুর্বল হয়ে পড়ে।
ত্বক লালচে হয়ে যাওয়া, যা আঙুল দিয়ে চাপলেও লাল ভাব দূর হয় না, কিংবা ত্বক কিছুটা গরম বা শক্ত মনে হওয়া বেডসোরের প্রাথমিক পর্যায়। এ সময় দ্রুত পদক্ষেপ নিলে তা নিরাময় করা সম্ভব।
মালিশের ক্ষেত্রে সতর্কতার কথাও বলা হয়েছে। একসময় ধারণা করা হতো, বেডসোরের জায়গায় ম্যাসাজ করা ভালো। বর্তমান চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, লাল হয়ে যাওয়া বা প্রাথমিক পর্যায়ে থাকা সোরে মালিশ করলে ত্বকের ভেতরের কোষগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে; তাই এই ভুল থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রাথমিক যত্ন নেওয়ার পরও ত্বকের লাল ভাব না কমলে, ফোসকা পড়ে গেলে, চামড়া উঠে গেলে বা ক্ষত থেকে দুর্গন্ধ ও পুঁজ বের হতে শুরু করলে বুঝতে হবে রোগটি গভীর স্তরে পৌঁছে গেছে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার এই পরিচর্যা নির্দেশনার লেখক। তাঁর মতে, রোগীর প্রতি সহানুভূতি, নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে বেডসোরের মতো জটিল সমস্যা থেকে নিরাপদ থাকা সম্ভব।



