এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে কার্যক্রমে দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সহজকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০২৫–২৬ মেয়াদে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে সহজকে একটি ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ বা প্রশংসাপত্রও দিয়েছে এয়ার অ্যাস্ট্রা।
এই দুটি স্বীকৃতি সহজ ও এয়ার অ্যাস্ট্রার মধ্যকার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়া, কার্যক্রমে দক্ষতা বজায় রাখা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে সহজের অবদানকে স্বীকৃতি দিয়েছে বিমান সংস্থাটি।
দেশের ভ্রমণ ও বিমান পরিবহন খাতে অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ করছে সহজ। এয়ারলাইনসগুলোর সঙ্গে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা এবং যাত্রীদের সেবার অভিজ্ঞতা আরও উন্নত করাকে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে।
সহজের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন প্রতিষ্ঠানটির কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের অব্যাহত আস্থার প্রতিফলন। এই স্বীকৃতি ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করতে এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।
এয়ার অ্যাস্ট্রার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে চায় সহজ। একই সঙ্গে বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতির জন্য এয়ার অ্যাস্ট্রাকে ধন্যবাদ জানিয়েছে সহজ এবং আগামী দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে।
সহজের যাত্রা শুরু হয় ২০১৪ সালে, যার লক্ষ্য ছিল বাংলাদেশিদের জীবনকে সহজ করা। প্রতিষ্ঠানটি এখন দেশের অন্যতম বৃহৎ টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে মানুষের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছে।
প্রথমে অনলাইন বাস টিকিটিংয়ের মাধ্যমে দেশের ভ্রমণ খাতে যাত্রা শুরু করে সহজ পরে তার সেবার পরিধি সম্প্রসারণ করেছে ফেরি ও লঞ্চ, ইভেন্ট, বিনোদন, রেল এবং বিমান টিকিটিং পর্যন্ত। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের টিকিটিং সমাধান একসঙ্গে পাওয়া যায়।


