ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, যদিও মোট লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট থেকে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ শূন্য দশমিক ২৪ শতাংশ বা ৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে এবং এসএমই খাতের সূচক ডিএসএমইএক্স ১০ দশমিক ৪০ শতাংশ বা ৯৬ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ দশমিক ৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসই শরিয়াহ্ ১ দশমিক শূন্য ৪ শতাংশ বা ১১ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে নেমে এসেছে।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ৪ হাজার ৮৪১ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৪ হাজার ৪৩ কোটি ৬০ লাখ টাকার চেয়ে বেশি। একই সময়ে হাতবদল হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণ ১২২ কোটি ২৩ লাখ থেকে বেড়ে ১৫৩ কোটি ২৭ লাখে পৌঁছেছে। সেই হিসাবে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের ৮০৮ কোটি ৭২ লাখ টাকা থেকে ১৫৯ কোটি ৬৭ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৯৬৮ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
লেনদেন বাড়লেও সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন আগের সপ্তাহের ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা থেকে ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকায় নেমেছে। সপ্তাহজুড়ে ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও কমেছে ২২০টির, অপরিবর্তিত ছিল ৪২টির এবং ৩০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ডিএসইর মোট গড় লেনদেনের ২৩ দশমিক ৮৫ শতাংশ নিয়ে শীর্ষে ছিল বস্ত্র খাত, যেখানে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ২৯ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২৩০ কোটি ৯১ লাখ টাকা হয়েছে। মোট লেনদেনে ১৪ দশমিক ৬৬ শতাংশ অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতে দৈনিক গড় লেনদেন ৫৯ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১৪২ কোটি টাকায় এবং তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ১৬ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০৭ কোটি ২৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ২৪ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৩ কোটি ২৫ লাখ টাকায় নেমেছে এবং সাধারণ বিমা খাতে লেনদেন কমেছে ১০ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, মিউচুয়াল ফান্ড এবং সেবা ও আবাসন খাতেও দরপতনের প্রবণতা দেখা গেছে।
সাপ্তাহিক খাতভিত্তিক রিটার্নের হিসাবে ৩ দশমিক ৯১ শতাংশ নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে ছিল সিরামিক খাত, এরপর ব্যাংক খাতে ২ দশমিক ৯৫ শতাংশ ও বিবিধ খাতে ২ দশমিক ৬৭ শতাংশ রিটার্ন মিলেছে। বিপরীতে পাট খাতে সর্বোচ্চ ৫ দশমিক ০৭ শতাংশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩ দশমিক ৩৮ শতাংশ ঋণাত্মক রিটার্ন ছিল।
কোম্পানিভিত্তিক হিসাবে গত সপ্তাহে সর্বোচ্চ ৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষে ছিল মালেক স্পিনিং; এরপর রয়েছে বেক্সিমকো, আইপিডিসি, এসিএমই প্ল্যান্টেশন এবং সাইহাম টেক্সটাইল। সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় ২৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ টাকা ৬০ পয়সায় উঠে শীর্ষে অবস্থান নিয়েছে রিজেন্ট টেক্সটাইল; দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর ২৪ দশমিক ১১ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ারদর ২৩ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
অপরদিকে এক সপ্তাহে ১১ দশমিক ৮৩ শতাংশ কমে ১৪ টাকা ৯০ পয়সায় নেমে দরপতনের শীর্ষে ছিল সামিট পাওয়ার, যার পরের অবস্থানগুলোতে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যাল, আর্গন ডেনিমস ও অ্যাকটিভ ফাইন। এ ছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ২২৪ কোটি ১৬ লাখ টাকা, এসএমই বোর্ডে ৫৫ কোটি ৬৯ লাখ টাকা, এটিবি বোর্ডে ৯৬ লাখ ৯০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।



