…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতির চক্রে আটকে পড়ে।

২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আর্থিক খাতের প্রকৃত সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সরকারি ব্যয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ওপর জোর দেন।

নিরীক্ষকদের স্বাধীনতার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, হিসাব পেশাজীবীদের নিরপেক্ষ প্রতিবেদন তৈরি এবং অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে। জনসম্পদ রক্ষায় নিরীক্ষক, হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভয় ও পক্ষপাতমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দক্ষিণ এশিয়ায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের দর্শন এবং ১৯৯১ সালে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাফা সম্মেলন উদ্বোধনের কথা স্মরণ করেন।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন, টেকসই উন্নয়ন, অবৈধ অর্থপ্রবাহ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পারস্পরিক জ্ঞান বিনিময় ও পেশাগত সহযোগিতা জোরদারের আহ্বান জানান রাষ্ট্রপতি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…

অর্থনীতি ও ব্যবসা

আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ টাকা

দেশের বাজারে আরও এক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজ…