…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ভারতে দুই-তৃতীয়াংশ শিশু-কিশোরের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি: জাতীয় জরিপ

নিজস্ব প্রতিবেদক
ভারতে দুই-তৃতীয়াংশ শিশু-কিশোরের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি: জাতীয় জরিপ
ছবি: সংগৃহীত

ভারতের প্রায় দুই-তৃতীয়াংশ শিশু-কিশোরের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি পাওয়া গেছে। দেশটির চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের (আইসিএমআর-এনআইএন) এক জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে, এনডিটিভির প্রতিবেদনে তা জানানো হয়েছে।

জরিপে দেখা গেছে, ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরদের ৬৬ দশমিক ১ শতাংশ এবং কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত ‘সার্ভে ফর অ্যাসেসমেন্ট অব মার্কারস অব পপুলেশন হেলথ, অ্যাকটিভিটি, ডায়েট অ্যান্ড অ্যানথ্রোপোমেট্রি’ (সাম্পাদা) শীর্ষক এই জরিপ সারা দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৩টি জেলায় চালানো হয়।

জরিপে দুই লাখের বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা হয় এবং এতে ৮১ হাজারের বেশি পরিবার অংশ নেয়। বিশ্লেষণ করা হয় ১ লাখ ৭০ হাজারের বেশি রক্তের নমুনা।

রক্তের সিরামে ভিটামিন বি১২-এর মাত্রা প্রতি মিলিলিটারে ২০৩ পিকোগ্রামের নিচে থাকলে তাকে ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়েছে।

অন্যান্য অণুপুষ্টি উপাদানের ঘাটতির তুলনায় কিশোর-কিশোরীদের মধ্যে ভিটামিন বি১২-এর ঘাটতিই বেশি পাওয়া গেছে। কিশোরীদের মধ্যে আয়রনের ঘাটতি ৩৬ দশমিক ৩ শতাংশ ও ফোলেটের ঘাটতি ৮ দশমিক ৬ শতাংশ, আর কিশোরদের মধ্যে আয়রনের ঘাটতি ১০ শতাংশ ও ফোলেটের ঘাটতি ৬ দশমিক ৩ শতাংশ পাওয়া গেছে।

জরিপ বলছে, ভিটামিন বি১২-এর ঘাটতি বেশি থাকলেই যে সবার রক্তস্বল্পতা থাকবে, তা নয়। কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের ঘাটতি থাকলেও রক্তস্বল্পতা পাওয়া গেছে ৪৬ দশমিক ৩ শতাংশের, আর কিশোরদের ক্ষেত্রে রক্তস্বল্পতার হার ২২ দশমিক ৮ শতাংশ।

ছোট শিশুদের মধ্যেও এই ঘাটতি দেখা গেছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৭ দশমিক ৩ শতাংশ এবং পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের ৪৬ দশমিক ৫ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি পাওয়া গেছে।

প্রাপ্তবয়স্কদের মধ্যেও ঘাটতির হার বেশি। ২০ থেকে ৫৯ বছর বয়সী পুরুষদের ৬০ দশমিক ৪ শতাংশ, প্রজননক্ষম ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৫৭ দশমিক ৪ শতাংশ এবং গর্ভবতী নারীদের ৬৩ দশমিক ১ শতাংশের শরীরে এই ঘাটতি পাওয়া গেছে।

ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম, ডিএনএ তৈরি ও কোষের বিপাকপ্রক্রিয়ায় ভূমিকা রাখে বলে জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শরীরে এই ভিটামিনের মাত্রা কমে গেলে ক্লান্তি, দুর্বলতা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে এবং কারও কারও হাত-পায়ে অবশ ভাব কিংবা ঝিনঝিন অনুভূতিও হতে পারে।

আইসিএমআর-এনআইএনের তথ্যপত্র অনুযায়ী, ‘সাম্পাদা’ জরিপের এই ফলাফল পুষ্টির ঘাটতি শনাক্ত করতে এবং কোন জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন, তা নির্ধারণে সহায়তা করতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …