সিরাজগঞ্জের বেলকুচিতে হাঁস সরানোর চেষ্টা: প্রজনন কেন্দ্রের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত আঞ্চলিক সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে রাতের আঁধারে হাঁস সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন কেন্দ্রটির সিনিয়র সহকারী পরিচালক মোছা. সায়লা শারমীন এবং পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোছা. শাকিলা পারভীন।
শনিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাময়িক বরখাস্ত সেই সিদ্ধান্তেরই অংশ।
বরখাস্তকালীন সময়ে দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক অফিস আদেশের বরাত দিয়ে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বেলকুচির ওই প্রজনন কেন্দ্র থেকে একটি মিনি ট্রাকে করে হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন।
এলাকাবাসীর দাবি, ট্রাকে প্রায় ১ হাজার ২০০টি হাঁস ছিল। তবে তদন্তে সরকারি খামারের ১৯৪টি হাঁস সরিয়ে নেওয়ার চেষ্টার প্রমাণ পাওয়া যায়।
পরে জব্দ করা হাঁস সরকারি নির্ধারিত দামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হককে। তিনি শুক্রবার দিনভর তদন্ত শেষে সন্ধ্যায় মহাপরিচালকের দপ্তরে প্রতিবেদন পাঠান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা হাঁস বিক্রির ঘটনায় ভুলবশত চালান না দেওয়ার কথা বললেও খামারের কর্মচারীরা চালান ছাড়াই হাঁস বিক্রির অভিযোগ করেছেন। কর্মচারীদের দাবি, এর আগেও রাতের আঁধারে একইভাবে কয়েক দফা হাঁস বিক্রির ঘটনা ঘটেছে।




