জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মীমাংসার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
ভিন্নমত প্রকাশের কারণে নাগরিকদের হয়রানি, শিক্ষকদের লাঞ্ছনা, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, রাজনৈতিক ট্যাগিং ও ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি।
বিবৃতিতে বলা হয়, চলমান রাজনৈতিক সংঘাত নিরসনে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা নিশ্চিত করতে হবে।
সংগঠনটির মতে, জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মীমাংসা জরুরি। তা না হলে চলমান রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ রাখা, গণহারে মামলা, গ্রেপ্তার-বাণিজ্য এবং একটি দলকে চিরতরে নিষিদ্ধ করার লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে জুলাই ও এর আগের অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামীপন্থিদের সহিংস কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগের নিন্দা জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে যেকোনো রাজনৈতিক মত প্রকাশের অধিকার নাগরিকদের রয়েছে। অথচ দেশে আবারও রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি ফিরে এসেছে।
এর ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং এবং দায়িত্ব থেকে অপসারণের শিকার হচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনার নিন্দা জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া অধ্যাপক আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, আনিছা পারভীন জলি, গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজলী শেহরীন ইসলাম ও আ-আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সাইবার হয়রানির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, রাষ্ট্র ও জনগণকে ভবিষ্যৎ সংঘাত থেকে রক্ষা করতে শিক্ষাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।
বিবৃতিতে অবিলম্বে জুলাইকেন্দ্রিক ঘটনাবলির বিচার, রাজনৈতিক মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার পরিবর্তে সব মত ও পথের সহাবস্থানের ভিত্তিতে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছে সংগঠনটি।



