খাগড়াছড়িতে চেঙ্গী নদীর ১৫ ফুট গভীর গর্তে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় চেঙ্গী নদীর প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে ১০ বছর বয়সী শিশু সুপন ত্রিপুরার মৃত্যু হয়েছে। সে স্থানীয় বেলতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত সুপন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকার বাসিন্দা সুবাস ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনা নিশ্চিত করে বলেন, নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনস্থলের গভীর গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খবংপুরিয়া এলাকায় একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের পর নদীতে তৈরি হওয়া গভীর গর্তগুলো ভরাট না করেই ফেলে রাখা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ভরাট না করা গর্তের কারণে নদীর ওই অংশটি এলাকাবাসীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় খবংপুরিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।



