আগামী বছরের মধ্যে সব জেলায় কিডনি ডায়ালাইসিস চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আগামী বছরের মধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে সরকার কিডনি ডায়ালাইসিস সেবা চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন–ওয়ার্ল্ড কিডনি অ্যালায়ান্সের (আইএফকেএফ–ডব্লিউকেএ) ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারের এ উদ্যোগের কথা জানান। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ৩ কোটি ৮০ লাখের মতো মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসা পরিষেবা এখনো অনেক কম। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার কিডনি ডায়ালাইসিস সেবা সব জেলায় পৌঁছে দিতে কাজ করছে এবং কিডনি রোগ সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে সরকার কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে চায়। দেশে প্রায় চার কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত; তাঁদের অনেকেই জানেনও না যে কিডনির অসুখের কারণে ধীরে ধীরে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে।
তাঁর মতে, অনেকেই যে জানেন না তাঁর কিডনি রোগ হয়েছে, এর কারণ রোগ নির্ণয়ের অভাব। প্রতিমন্ত্রী জানান, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়ের পাশাপাশি কিডনি পরিষেবা দেওয়ার বিষয়টি যুক্ত করা হবে।
এ বিষয়ে নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও বলেন প্রতিমন্ত্রী; এসব প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানান তিনি। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় কিডনির রোগী শনাক্ত করার ব্যবস্থা হবে বলেও জানান এম এ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার আছে; কিন্তু এর বেশির ভাগই রাজধানী বা বড় শহরগুলোতে এবং বড় অংশই বেসরকারি খাতের। ১৫টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করা হবে এবং জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। আগামীতে এক হাজার ডায়ালাইসিস মেশিন কেনা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের খ্যাতনামা কিডনি রোগ বিশেষজ্ঞ ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ। তিনি বলেন, প্রাথমিকভাবে কিডনি রোগ নির্ণয় করলে অনেক সমস্যার সমাধান সম্ভব; এ ক্ষেত্রে অবকাঠামো একটি বড় সমস্যা। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধুঁকছে, এগুলোকে ব্যবহার করতে হবে। সেখানে মাত্র ৭ থেকে ১৪ দিনের প্রশিক্ষণ পাওয়া কর্মীরা প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইএফকেএফ–ডব্লিউকেএর প্রেসিডেন্ট অধ্যাপক অ্যালেসেন্দ্রো বালুউচি। তিনি বলেন, বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে কিডনির চিকিৎসা একটি বড় সমস্যা; অনেক দেশেই চিকিৎসা এবং ডায়ালাইসিসের সুযোগ সীমিত। কিন্তু প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা গেলে এসব সমস্যার সমাধান হতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিসরের কায়রো ইউনিভার্সিটি হসপিটালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডিনা আবদেল লতিফ, কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন রুবেল এবং বাংলাদেশ রেনাল সোসাইটির সদস্যসচিব ডা. ফরহাদ হোসেন চৌধুরী।



