নয়াদিল্লিতে সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের কবি নূরুল হক। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত চার দিনব্যাপী ‘ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (ফসওয়াল) ফেস্টিভ্যাল ২০২৬’-এ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
নয়াদিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচারে আয়োজিত অনুষ্ঠানে দিল্লি সাহিত্য একাডেমির মহাপরিচালক ড. মাধব কৌশিক কবি নূরুল হকের হাতে প্রাইজ মানির চেক, সম্মাননাপত্র ও পদক তুলে দেন।
অনুষ্ঠানে শ্রীলঙ্কান হাইকমিশনার ও ফাউন্ডেশনের সভাপতি অজিত কউরসহ বিভিন্ন দেশের বরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এবারের উৎসবে সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ এশিয়ার ছয়জন সাহিত্যিককে আজীবন সম্মাননা দেওয়া হয়।
পদ্মশ্রীপ্রাপ্ত লেখক অজিত কউরের নেতৃত্বে প্রায় দুই দশক ধরে এই সাহিত্য উৎসব আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজন ছিল ফসওয়ালের অন্যতম সার্ক সাহিত্য উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি ড. তারা গান্ধী ভট্টাচার্য।
‘পৃথিবীই আমাদের একমাত্র আবাস’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে কবিতা, কথাসাহিত্য, শান্তি ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে ৩৬টি পর্বে আলোচনা ও সাহিত্যচর্চা অনুষ্ঠিত হয়।
উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শতাধিক কবি ও লেখক অংশ নেন।
বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহণ করেন অধ্যাপক ফকরুল আলম, নূরুল হক, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, সৌম্য সালেক, যতন কুমার দেবনাথ, মোখলেস মুকুল, মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নী, কাদের পলাশ ও নূরে আলম পাটোয়ারি।
এর আগে বাংলাদেশের প্রয়াত কবি শামসুর রাহমান ও সৈয়দ শামসুল হক এবং সেলিনা হোসেন ও মোহাম্মদ নুরুল হুদাসহ আরও অনেক সাহিত্যিক ‘সার্ক লিটারারি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।




