পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ছাত্রদল নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।
মুক্তিযোদ্ধা মার্কেটের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মিছিলের লোকজন মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন চারজনকে আটকে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় তাদের ওপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। তিনি বলেন, তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা রাজপথে ছিলাম, থাকব।’
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে।
ওসি আব্দুস সালাম আরও জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয়, সেখানে তাদের অবস্থান এবং এ ঘটনায় তারা জড়িত কি না—সব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


