…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫৩০, হাসপাতালে ভর্তি ১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটিই উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৫৩০ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। এতে ২০২৪ সালের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে দুই যুগের বেশি সময়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো।

রাজধানীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ দেখা গেছে। সকাল থেকেই জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ সারি। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। কোনো কোনো বেসরকারি হাসপাতালে শয্যা না থাকায় রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। রোগীর চাপ বাড়ায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। মৃত্যুর হিসাবে ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ।

২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে ৫১৮ জনে। আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৪৭৩। ফলে মৃত্যুর হিসাবে ইতোমধ্যে ২০২৪ সালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু।

২০০০ সালে দেশে বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৩ বছরে দেশে মোট আক্রান্ত হয়েছিলেন প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ; মৃত্যু হয়েছিল প্রায় ৮৫০ জনের।

ডেঙ্গু আক্রান্তদের একটি অংশ শুরুতে সাধারণ জ্বর ভেবে চিকিৎসা নিতে দেরি করছেন। এতে অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

রাজধানীর বাড্ডার বাসিন্দা আককাচ আলী জ্বর নিয়ে অবহেলা করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার স্ত্রী জাহান আরা বলেন, জ্বর হলেও শুরুতে পরীক্ষা করাতে দেরি হয়েছিল। পরে ডেঙ্গু শনাক্ত হয়। বাসায় চিকিৎসা নেওয়ার সময় একদিন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরীক্ষা করে দেখা যায়, প্লাটিলেট অনেক কমে গেছে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় তিনি সুস্থ হন।

মিরপুরের বাসিন্দা সুমনা ইসলাম বলেন, তার মেয়ের বয়স ৯ বছর। কয়েক দিন জ্বরে ভোগার পরও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। ওষুধ খাওয়ানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় ছয় দিন পর পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।

চিকিৎসকদের মতে, জ্বরের কারণ শনাক্ত না করে নিজের মতো ওষুধ সেবন করা ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে অবহেলা না করে প্রথম দিন থেকেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। পেটে তীব্র ব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। পাশাপাশি বাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকেও নিয়মিত ও কার্যকর কর্মসূচি নিতে হবে।

সাধারণত নভেম্বর-ডিসেম্বরে তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে এডিস মশার প্রজনন কমার কথা। তবে কীটতত্ত্ববিদদের মতে, অসময়ের বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনে মশার প্রজননক্ষেত্র এখনো সক্রিয় রয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পানি জমে থাকলে ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, কোনো এলাকায় বা দেশে ডেঙ্গু সংক্রমণ শুরু হলে তা ধীরে ধীরে বাড়তে থাকে। নিয়ন্ত্রণ করা না গেলে সংক্রমণ চলতেই থাকে। ডেঙ্গুর একটি সেরোটাইপে অনেক মানুষ আক্রান্ত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সেরোটাইপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে আসে। ফলে আগে তুলনামূলক কম সংক্রমণ ঘটানো অন্য সেরোটাইপের সংক্রমণ বেড়ে যেতে পারে।

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ—ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। বিশেষজ্ঞদের মতে, ডেন-২ ও ডেন-৩-এর সংক্রমণ চলতি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৩ সালের ভয়াবহ প্রাদুর্ভাবের সময় ডেন-২ ছিল প্রধান সেরোটাইপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সে সময় ৬২ শতাংশ নমুনায় ডেন-২, ২৯ শতাংশে ডেন-৩ এবং ৯ শতাংশে ডেন-২ ও ডেন-৩—দুটিই পাওয়া যায়। চলতি বছরও দেশের বিভিন্ন স্থানে ডেন-২ ও ডেন-৩-এর প্রাধান্য দেখা যাচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ দেরিতে হাসপাতালে আসা। প্লাটিলেট কমে যাওয়া বা ডেঙ্গু শক সিনড্রোমের মতো জটিলতা দেখা দেওয়ার পর হাসপাতালে আসায় চিকিৎসা কঠিন হয়ে পড়ে। আগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরা এবার ভিন্ন সেরোটাইপে সংক্রমিত হলে জটিলতার ঝুঁকিও বাড়তে পারে।

এ ছাড়া ডেঙ্গু এখন আর শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরেও খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঢাকার বাইরের জেলাগুলোতে ঘটছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. আব্দুস সবুর বলেন, রোগীরা অনেক সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে আসছেন। এর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতাও রয়েছে। সরকারি হাসপাতালগুলো দুপুর ২টার পর খোলা না থাকায় রোগীদের প্রয়োজনীয় সেবা পেতে সমস্যা হয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকআপ বা মাইক্রোবাসে ভ্রাম্যমাণ পরীক্ষাগার স্থাপন করা গেলে দ্রুত ডেঙ্গু শনাক্ত করা সম্ভব। রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা গেলে মৃত্যুর হার কমানো যাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক বলেন, গত বছরের তুলনায় এবার মশার প্রকোপ বেশি। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা ও বৈজ্ঞানিক পদ্ধতি জানা থাকলেও তা কার্যকর করতে বাজেট বাড়ানো এবং মশক নিধনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার পথে এবং লার্ভা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, চলতি বছর এখনও শেষ হয়নি, শেষ হোক তারপর প্রশ্ন করেন। ২০২৩ ও ২০১৯ সালে এর চেয়ে খারাপ অবস্থা হয়েছিল। তিনি আরও বলেন, যারা পরিশ্রম করছেন, যারা মশা মারছেন ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন, তাদের ধন্যবাদ দেওয়া উচিত এবং সবাই মিলে চেষ্টা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এ…

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায়…

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, দৈনিক বাংলা মোড়ে উচ্ছেদ অবৈধ দোকান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’…

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।…