…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দীর্ঘদিনের একাকিত্বে ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮ শতাংশ বেশি, বিয়ে বা যৌথ পরিবারেও ঝুঁকি থাকে: গবেষণা

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের একাকিত্বে ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮ শতাংশ বেশি, বিয়ে বা যৌথ পরিবারেও ঝুঁকি থাকে: গবেষণা
ছবি: সংগৃহীত

নতুন গবেষণা বলছে, মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে একজন বয়স্ক মানুষ কত দিন ধরে একাকিত্ব অনুভব করেন, সেটাই মাঝেমধ্যে একাকিত্ব বোধ করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষকেরা ৬৫ বছর বা তার বেশি বয়সী ৩,৭৭৭ জন ফরাসি প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করেছেন, যাঁরা ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত একটি গবেষণায় অংশ নিয়েছিলেন। দলটি অংশগ্রহণকারীদের তিন ধরনের একাকিত্বের ভিত্তিতে মূল্যায়ন করে।

এরপর তাঁরা পরবর্তী ২০ বছরে অংশগ্রহণকারীদের জ্ঞানীয় অবক্ষয়ের (কগনিটিভ ডিক্লাইন) ঝুঁকি খতিয়ে দেখেন। যাঁদের শুরুতেই জ্ঞানীয় অবক্ষয় দেখা দিয়েছিল, তাঁদের গবেষণা থেকে বাদ দেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী ও ক্রমাগত একাকিত্বে ভোগা বয়স্কদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি যাঁরা কখনো একাকিত্ব অনুভব করেন না, তাঁদের তুলনায় ৩৮ শতাংশ বেশি। মাঝেমধ্যের একাকিত্বের সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকির কোনো উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।

গবেষকেরা উল্লেখ করেছেন, দম্পতি হিসেবে বা পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করলেও মানুষ দীর্ঘস্থায়ী একাকিত্ব অনুভব করতে পারেন। 'দীর্ঘস্থায়ীভাবে একাকী' শ্রেণির অংশগ্রহণকারীদের প্রায় ৩০ শতাংশই একা বসবাস করতেন না।

প্রধান লেখক ইভান্না সিমন বিজ্ঞপ্তিতে বলেন, 'এটি দেখায়, এই ঝুঁকির উৎস হতে পারে অসন্তোষজনক সম্পর্ক, যত্ন নেওয়ার বোঝা কিংবা অর্থপূর্ণ কাজের অভাবও।'

তিনি আরও বলেন, 'স্বাস্থ্যসেবা পেশাজীবী, সমাজকর্মী ও নীতিনির্ধারকদের সামাজিক ঝুঁকির মাপকাঠি হিসেবে শুধু বসবাসের ব্যবস্থার দিকে নজর দিলেই চলবে না; সংযোগ ও একাকিত্বের ব্যক্তিগত অনুভূতিকেও বিবেচনায় নিতে হবে।'

পিয়ার-রিভিউড জার্নাল 'এজিং অ্যান্ড মেন্টাল হেলথ'-এ প্রকাশিত গবেষণাটি এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যে সব মাত্রার একাকিত্বই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একই ঝুঁকি বয়ে আনে। বোর্দো বিশ্ববিদ্যালয়ের বোর্দো পপুলেশন হেলথ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক ও সহ-লেখক কারিন পেরেসের ভাষায়, এটি একটি 'গুরুত্বপূর্ণ পার্থক্য'।

পেরেস বিজ্ঞপ্তিতে বলেন, 'বেশির ভাগ মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে একাকিত্ব অনুভব করেন; কিন্তু একাকিত্ব যখন দীর্ঘস্থায়ী ও ক্রমাগত হয়ে ওঠে, তখনই তা ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।'

পেরেস উল্লেখ করেন, আগের গবেষণাগুলোতে ক্রমাগত একাকিত্ব কীভাবে জ্ঞানীয় অবক্ষয় ত্বরান্বিত করতে পারে, তার কয়েকটি পথের ইঙ্গিত মিলেছে। তাঁর ভাষায়, দীর্ঘমেয়াদি সামাজিক চাপ ও রোগপ্রতিরোধ ব্যবস্থার সক্রিয়তা 'টেকসই প্রদাহ' তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে 'জৈবিক ক্ষয়ক্ষতি জমতে' পারে।

দীর্ঘস্থায়ী একাকিত্বের সঙ্গে খারাপ খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তারও সম্পর্ক রয়েছে, যা ডায়াবেটিস ও হৃদ্‌রোগের মতো ডিমেনশিয়া-সংশ্লিষ্ট রোগের ঝুঁকি বাড়ায়। আবার সামাজিক যোগাযোগ কমে গেলে জ্ঞানীয় উদ্দীপনাও কমতে পারে বলে গবেষক উল্লেখ করেন।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা ছিল বলেও গবেষকেরা স্বীকার করেছেন। এতে একাকিত্ব মাপা হয়েছে মাত্র একটি প্রশ্ন করে, এবং সম্পর্কের মান বা দৈনন্দিন কাজের মতো অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একাকিত্ব ও ডিমেনশিয়াকে বৈশ্বিক স্বাস্থ্য হুমকি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডব্লিউএইচও অনুযায়ী, বয়স্কদের এক-চতুর্থাংশ 'সামাজিকভাবে বিচ্ছিন্ন' এবং সর্বোচ্চ ৩৪ শতাংশ একাকিত্ব অনুভব করেন; আর ২০৫০ সাল নাগাদ ডিমেনশিয়া রোগীর সংখ্যা ১৫ কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভবিষ্যতে ডিমেনশিয়া প্রতিরোধে গবেষকেরা দীর্ঘস্থায়ী একাকিত্ব মোকাবিলায় কৌশলের আহ্বান জানিয়েছেন — এর মধ্যে রয়েছে ক্লিনিকে নিয়মিত স্ক্রিনিং, সামাজিক কর্মকাণ্ডে পাঠানোর ব্যবস্থা এবং কমিউনিটি জায়গা বাড়ানো। লেখকদের সিদ্ধান্ত, একাকিত্বের অনেক ঘটনাই 'প্রতিরোধযোগ্য বা উল্টানো সম্ভব' বলে এসব কৌশল বয়স্কদের সুস্থ জ্ঞানীয় বার্ধক্য, স্বাধীনতা ও জীবনমান ধরে রাখতে সাহায্য করতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চান পার্বত্য মন্ত্রী, পাহাড়ে বহুমুখী সংস্কারের তাগিদ

পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫৩০, হাসপাতালে ভর্তি ১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটিই উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।…

স্বাস্থ্য

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এ…

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায়…