সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার (২৯ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে আজ সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সায়লা ফারজানাকে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাইকে মিরপুরের রাকিন সিটি থেকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া তাঁর দুই ভাইয়ের নাম রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।
সায়লা ফারজানা পেশায় সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরের বছর ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
গত ১৫ অক্টোবর মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর শ্যালক রেজাউল আলম শাহীনও ছিলেন।
তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।




