রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, সামাজিক মাধ্যমে হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করা হয়েছে।
শনিবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে নগরের অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণটি ঘটে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, রাতে তাঁর বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় তিনি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ভিডিও ধারণের বিষয়টিও জানতে পেরেছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয় বলে তিনি রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
পোস্টে তিনি প্রক্টরের কথাবার্তা ও আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং লেখেন, ‘এবার আপনার মাথার ওপর পড়বে’। পোস্টে আরও বলা হয়, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ‘আপনাদের বিদায়ের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে’।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।



