…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন, একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটনাগুলোর শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগুন দেওয়া হয়। রাত একটার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে আগুন দেওয়া হয়। একই রাতে কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শহরের মিজান রোডে ফেনী প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়।

কালিদহ এলাকায় রেলপথে আগুন দেওয়ার বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হারুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রেলপথে আগুনের একটি ভিডিও তাঁর নজরে এসেছে। পরে তিনি খোঁজখবর নিয়েছেন। তবে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, রেললাইনে আগুন দেওয়ার বিষয়ে তিনি অবগত নন। রাত তিনটা পর্যন্ত তিনি সহদেবপুর এলাকায় দায়িত্ব পালন করেছেন।

মতিগঞ্জ ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আমান উল্লাহ বলেন, কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল। রাস্তা থেকে সেখানে আগুন দেওয়া হয়। ভেতরে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নেভান। এতে একটি বালতি পুড়ে গেছে, অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে আগুন দেখতে পাননি; ফটকে দেওয়া আগুন আগেই নিভে গিয়েছিল।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যানারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি।

এদিকে রাত সোয়া ১০টার দিকে দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের পর রাত ১১টা পর্যন্ত সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফেনী শহরের মিজান রোডে প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষেও আগুন দেওয়া হয়। এতে চেয়ার-টেবিলসহ পুরোনো কিছু সরঞ্জাম পুড়ে যায়। ডাকঘরের পোস্টমাস্টার মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে পুরোনো কিছু জিনিসপত্র পুড়লেও চলমান কার্যক্রমের কোনো নথি বা কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে ফেনী শহরের মিজান রোডে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে দুই থেকে তিনজন ব্যক্তি নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে ভবনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ডাকঘরের পেছনের দিকে একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেনি। তবে নিরাপত্তা জোরদারের কথা বলেছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুনের ঘটনাটি তিন-চার দিন আগের হতে পারে বলেও তিনি জানান; ওই ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে ভিডিও ধারণ করে চলে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।…

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে সন্ত্রাসবিরো…

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার
আইন ও অপরাধ

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

খুলনার আলোচিত সন্ত্রাসী চক্র ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শুটার ইমরানকে চার সহযোগীসহ…