নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার সকালে পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মফিজার রহমান বলেন, সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো চারটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।
টুপামারী ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান বলেন, ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত ধরন ও ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষা-নিরীক্ষার আগে উদ্ধার করা বস্তুগুলোকে প্রকৃত বোমা বা বিস্ফোরক হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।




