সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু, ১৫ ফুট খাড়া ঢাল বেয়ে উঠছেন দুই জেলার মানুষ

গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমানায় কাওরাইদ এলাকায় সুতিয়া নদীর ওপর নির্মিত একটি সেতুর মূল কাজ শেষ হয়েছে নয় মাস আগে। অথচ সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে প্রতিদিন ঝুঁকি নিয়ে প্রায় ১৫ ফুট উঁচু খাড়া মাটির ঢাল বেয়ে উঠতে হচ্ছে দুই উপজেলার বাসিন্দাদের।
দুই জেলার মানুষের যোগাযোগ সহজ করতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির এক পাশে ফেলা হয়েছে মাটি, তার দুই পাশে দুটি বাঁশ। সেই বাঁশ ধরে খাড়া ঢাল বেয়ে প্রতিদিন চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। সামান্য বৃষ্টি হলেই ঢাল পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলজিইডি গাজীপুর কার্যালয় সূত্রে জানা যায়, সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের কাজ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সংযোগ সড়ক থেকে সেতুটির উচ্চতা প্রায় ১৫ ফুট। অনেক সময় সেতুর পাশে থাকা রেলওয়ে সেতু ব্যবহার করেও ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, পুরো সেতুর কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু সংযোগ সড়কের জন্য সমস্যা হচ্ছে। তিনি বলেন, এখানে একটি সরকারি, একটি এমপিওভুক্ত ও একটি বেসরকারি স্কুল রয়েছে। ১৫ ফুট উঁচু খাড়া ঢাল বেয়ে ওঠার কষ্ট এড়াতে অনেকেই পাশের রেলব্রিজ দিয়ে চলাচল করছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
স্থানীয় ব্যবসায়ী শ্রী চন্দন কুমার বলেন, যেখানে সংযোগ সড়ক নির্মাণ হবে, সেখানে কারও জোত জমি নেই, পুরো জায়গাটিই বাংলাদেশ রেলওয়ের। ওই জমিতে কিছু মানুষ বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। এখান থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রেলওয়ের জায়গা রয়েছে বলে তিনি জানান।
আরেক বাসিন্দা রিয়াদ খান বলেন, সেতুটি গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে অন্তত আটটি ইউনিয়নের মানুষের চলাচলের পথ। এসব এলাকার উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, প্রকল্পটি অনূর্ধ্ব ১০০ মিটার প্রকল্প। এ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। তিনি বলেন, জমি অধিগ্রহণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, সেতুটি দুই জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে জটিলতার বিষয়টি সমাধান করা হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।



