জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক

পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবরোধ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি অনুযায়ী, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। অন্যদিকে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টানা ১০ ঘণ্টা অবরোধের পর আজ রোববার বেলা দুইটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত দুজন হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা এবং জাজিরা উপজেলার যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাই। এ ছাড়া আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত জাজিরা প্রান্তের নাওডোবা ও বিকেনগর এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিকেনগর এলাকা থেকে মিছিলসহ এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হয় এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে।
এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির অস্থায়ী সমাবেশস্থলে ভাঙচুর চালায় এবং সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেয়। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ ও ‘পদ্মাভ্যালী’ নামের দুটি রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, তাঁদের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুসংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত নিজামউদ্দিন মৃধার বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, ‘আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
অন্যদিকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সকাল সাড়ে সাতটার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পুড়ে যাওয়া যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে রাজৈরে রোববার ভোর চারটা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঢাকা–বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকালে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।
পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে বেলা দুইটার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যায়। ওসি শেখ আমিনুল ইসলাম জানান, প্রায় ১০ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।



