…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক
করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে দেওয়া বক্তব্য জাতির জন্য ‘অবমাননাকর’ বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি স্পিকারের বক্তব্য প্রত্যাহার করে জাতীয় সংসদে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে।

আজ রোববার বিকেলে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিত করা এবং একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্ন আড়াল করা জাতির জন্য অবমাননাকর।

বিবৃতি অনুযায়ী, ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে। করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিপিবি নেতারা প্রশ্ন তোলেন, ‘অতীত ভুলে যাওয়ার সিদ্ধান্ত কে নিয়েছে এবং কার স্বার্থে?’ তাঁরা বলেন, বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ এমন সিদ্ধান্ত নেয়নি। ৩০ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ ভুলে যাওয়ার অধিকার কারও নেই।

বিবৃতিতে নেতারা বলেন, পাকিস্তান এখনো ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। সম্পদের ন্যায্য হিস্যা ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়ও অমীমাংসিত। এসব প্রশ্ন উত্থাপন না করে পাকিস্তানের সঙ্গে চিরকাল ‘ভাই’ থাকার ঘোষণা শহীদদের প্রতি অবমাননা বলে তাঁরা মন্তব্য করেন।

সংসদীয় প্রতিনিধিদলে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীর ছেলেদের অন্তর্ভুক্তির বিষয়টিও বিবৃতিতে সমালোচনা করা হয়েছে। সিপিবি নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের নিয়ে পাকিস্তান সফর এবং অতীত ভুলে যাওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুছে দেওয়ার রাজনৈতিক বার্তা।

পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণার প্রসঙ্গে সিপিবি নেতারা বলেন, সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে বাংলাদেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো যাবে না।

আলোচনাধীন সমঝোতা স্মারকগুলো জনসমক্ষে প্রকাশ এবং প্রতিরক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে প্রকাশ্য আলোচনার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে স্পিকারকে সংসদে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পাকিস্তানের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের হিস্যা আদায় ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি রাষ্ট্রীয়ভাবে উত্থাপনের আহ্বান জানানো হয়।

এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয় সিপিবি। সেখানে দলটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়। সভায় দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অংশ নেন।

একই সঙ্গে নির্বাচনে অর্থ ও পেশিশক্তির প্রভাব কমাতে প্রার্থীদের জামানত হ্রাস এবং প্রচার-প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিবি। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান দলটির নেতারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান
রাজনীতি

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটা…

পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি
রাজনীতি

পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদেশে পলাতক একজ…

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।…

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক
রাজনীতি

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক

পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবরোধ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্…