অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

অগ্নিসন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খালের ওপর সাটুরিয়া মাছবাজার সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। অগ্নিসন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত বলেও তিনি জানান।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে অনৈতিক কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অগ্নিসন্ত্রাস বা নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তবে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে কথাও বলেন তিনি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার কথা উল্লেখ করে আফরোজা খানম রিতা বলেন, নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। তাঁদের নিজেদের অবস্থান সুসংহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জ ধানের শীষের জায়গা। এখানে ধানের শীষের বিকল্প কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
রাস্তা নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, মানসম্মত কাজ করা ঠিকাদারদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




