ময়মনসিংহের গৌরীপুরে লাঠিসোঁটা উদ্ধার, যুবলীগ নেতা সাইদুল ইসলাম গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সাইদুল ইসলাম (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুতীরপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে বিপুলসংখ্যক বাঁশের লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
জেলা পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা লাঠিসোঁটা ব্যবহার করে মশালমিছিল, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার সাইদুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



