গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু, আসামিপক্ষের দাবি ‘মিডিয়া ট্রায়াল’ চলছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন তাঁর বোন ও আইনজীবী নাজনীন নাহার।
যুক্তি উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও শাইখ মাহদীসহ অন্য প্রসিকিউটররা।
এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তাঁর সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছিল।
যুক্তি উপস্থাপন শেষে নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসানকে দানব হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। তাঁর দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাঁদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাঁদের একজন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম। এই তৌহিদুল ইসলামই একসময় জিয়াউল আহসানকে অনুকরণীয় ও দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বিভিন্ন সংস্থায় তাঁর পদায়নের সুপারিশ করেছিলেন।
নাজনীন নাহার আরও বলেন, অথচ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে তৌহিদুল ইসলাম বলেছেন, জিয়াউল আহসান মেজর থেকে পদোন্নতি পাওয়ার যোগ্য ছিলেন না। বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ প্রসিকিউটরও উপস্থাপন করেছেন যে জিয়াউল আহসানের পদোন্নতির যোগ্যতা ছিল না এবং তিনি আগের সরকারের পদলেহন করে পদোন্নতি পেয়েছিলেন বলে আসামিপক্ষের অভিযোগ।
অন্যদিকে প্রসিকিউটর গাজী তামিম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় অপ্রাসঙ্গিক কথা বলে তাঁর আইনজীবীরা সময় নষ্ট করছেন। তাঁর ভাষ্য, যুক্তিতর্কের সময় আসামিপক্ষ জিয়াউল আহসানের সার্ভিস রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, কিন্তু মামলার অভিযোগ-সংশ্লিষ্ট কোনো বক্তব্য আসেনি।
গাজী তামিমের দাবি, মামলায় আসামিপক্ষের বলার তেমন কিছু নেই বলেই বিচার্য বিষয়ের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ট্রাইব্যুনালের সময় নষ্ট করা হচ্ছে। সোমবারের শুনানিতে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত থাকবে।




