ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ ইউএনএফপিএ-ইউনিসেফের, আপত্তি জানিয়েছে সরকার

ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করার সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে সরকার এ বিষয়ে আগ্রহী নয় বলে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে, বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর। এই বয়সের নিচে বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন সময়ের আলোচনায় নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন, চিকিৎসক হিসেবে তাঁর বিবেচনায় ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছরই থাকা উচিত; এই বয়স কমানো ঠিক হবে না এবং সরকারও তা করবে না। রোববার মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠালে তিনি বলেন, ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা ঠিক হবে না।
ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে ২৪ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনি পর্যালোচনায় দেখা গেছে, বাল্যবিবাহ নিরোধ আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও এর শিকার মেয়েদের বিয়ে বাতিলের সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই; বরং আইনের ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। এই বিধান অনুযায়ী, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
আইন পর্যালোচনায় বাল্যবিবাহ প্রতিরোধ ও আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরও কিছু চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ ধরনের ঘটনায় সীমিতসংখ্যক মামলা দায়ের।
ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশে আইনের ১৯ ধারা বাতিল, মেয়ে ও ছেলে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি, অভিযোগ দায়েরের সময়সীমা ছয় বছর করা এবং বাল্যবিবাহের মামলা পরিচালনায় আদালত ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করার সুপারিশ করা হয়েছে।
ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার পক্ষে যুক্তি তুলে ধরে সংস্থা দুটি বলেছে, বিয়ের বয়সের এই বৈষম্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং দেশের অভ্যন্তরীণ আইনব্যবস্থায়ও এ কারণে অসংগতি তৈরি হচ্ছে। যেমন বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী একজন নারী যদি ২০ বছর বয়সী একজন পুরুষকে বিয়ে করেন, তাহলে ওই অপ্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ের জন্য নারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আইনে বাল্যবিবাহের শাস্তি হিসেবে ৭(১) ধারায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ক কাউকে বাল্যবিবাহ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন; অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে। উপধারা (২) অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্যবিবাহ করলেও সর্বোচ্চ এক মাসের আটকাদেশ বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড পেতে পারে, তবে ৮ ধারায় দণ্ড কার্যকর হলে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ সাজা পাবে না।
৮ ধারায় বলা হয়েছে, পিতা-মাতা, অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি বাল্যবিবাহ দিলে, অনুমতি দিলে বা অবহেলার কারণে বাল্যবিবাহ বন্ধে ব্যর্থ হলে সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।


