ঢাকায় পেট্রলবোমাসহ আটক দুজন: লালবাগে ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুরে যুবলীগ নেতা

রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক দুজনের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. মাহির এবং অন্যজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শাহীন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, লালবাগ এলাকা থেকে মাহিরকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে। আর মোহাম্মদপুর এলাকা থেকে শাহীনকে দুটি পেট্রলবোমাসহ আটক করা হয়। দুই এলাকা মিলিয়ে মোট ছয়টি পেট্রলবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
লালবাগ থানা পুলিশ জানিয়েছে, বেলা আড়াইটার দিকে ঢাকেশ্বরী মন্দির-সংলগ্ন এলাকায় পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালায়। ওই সময় মাহির রিকশায় করে ওই দিক দিয়ে যাচ্ছিলেন। পুলিশের তল্লাশিচৌকি দেখে তিনি ভয়ে রিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয় এবং তাঁর ব্যাগে চারটি পেট্রলবোমা পাওয়া যায়।
মাহির নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানা শাখার সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন বলেছেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সহায়তায় পেট্রলবোমা চারটি নিষ্ক্রিয় করা হয়েছে। মাহিরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি।




