গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার, নাশকতায় অর্থায়নের অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।




