২০ জেলায় নাশকতা ও সহিংসতা: জাজিরায় সংঘর্ষে নিহত ২, ট্রেনে-বাসে আগুন, থানায় হামলা

গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপাশি বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে, রেলপথের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা হয়েছে এবং গাছ কেটে সড়ক-মহাসড়ক অবরোধ করে কয়েকটি জেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলাগুলো হলো গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও কুমিল্লা। এর বাইরে কিছু এলাকায় নাশকতার চেষ্টাও করা হয়েছে। নাশকতা ও নাশকতার চেষ্টার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে রোববার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতেরা হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। আগের রাত থেকেই কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় এবং কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।
গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বেশ কিছু স্থানে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে শনিবার রাত থেকে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ কারণে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে। ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরের ফকিরকান্দ, হরিদাসপুর সেতু, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া ও গোপীনাথপুর এলাকায় এবং গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কোটালীপাড়ার ঘাঘর বাজার, পল্লী উন্নয়ন একাডেমির সামনে, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাট এবং মুকসুদপুর কলেজ মোড় ও বড়ইতলা এলাকায়ও অবরোধ করা হয়। এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় রোববার ভোর থেকে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন; দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের অবস্থানে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে নয়জনকে আটক করে পুলিশে দেন বিএনপির নেতা-কর্মীরা।
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করা হয়। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে; রেলওয়ে কর্তৃপক্ষ লাইন মেরামত করলে রোববার দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে; স্থানীয় লোকজন দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেছেন, ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের সামনে শনিবার দিবাগত রাত ১০টার দিকে পার্বতীপুর-ভবানীপুর রেলপথে আগুন দেওয়া হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়ার পর পথে আগুন জ্বলতে দেখে চালক আউটার সিগন্যালের আগেই ট্রেন থামাতে সক্ষম হন। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, আগুন নিভিয়ে পোড়া টায়ার উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা; এ সময় ককটেলও নিক্ষেপ করা হয়। পুলিশ জানিয়েছে, রোববার ভোর চারটার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি হামলা চালান। পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং আল হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেছেন, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে এবং হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে; আশঙ্কায় সতর্ক থাকায় দ্রুত পাল্টা ব্যবস্থায় অল্প সময়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়। খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানার ফটকে অবস্থান নেন।
ঢাকার সাভারের পৃথক দুটি স্থানে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়া হয়েছে। সাভার ফায়ার সার্ভিস জানিয়েছে, বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন দেখতে পান কয়েকজন; পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেছেন, দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নেভায়, বাসের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং এটি নাশকতামূলক ঘটনা। ধামরাই উপজেলা ভূমি কার্যালয়ের সামনে ১০ নভেম্বর রাতে আগুন দেওয়া হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে আবার আগুন দেওয়া হয়; বাসটি মেরামতের জন্য আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে রাখা ছিল এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানিয়েছেন।
এ ছাড়া শনিবার রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়; পুলিশ সদস্যরা ছাউনির বিপরীত পাশে দায়িত্বে থাকায় আগুন ধরেনি।
রাজশাহীর পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়; একটি বিস্ফোরিত হয়ে বারান্দায় আগুন ধরে, তবে বড় ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, দুটি বোমা ফাটেনি এবং এ ধরনের হামলা বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে। একই রাতে রাজশাহী শহরের কাজলার অক্ট্রোয় মোড় এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটে।
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের কমলাপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে ককটেল ছোড়া হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। একই রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় টিঅ্যান্ডটি সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের মিরপুর শাখায় পেট্রলবোমা ছোড়া হয়; রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজবাড়ীর পাংশার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দার জানালায়ও গভীর রাতে আগুন দেওয়া হয়, এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।




