সোমবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চেয়েছে নতুন সময়
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) তিন দিনের সংলাপের দ্বিতীয় দিন সোমবারও অংশ নিচ্ছে না বিএনপি। দলটি সংলাপের জন্য নতুন সময় চেয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপের আয়োজন করেছে ইসি। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর— তিন দিনে ৫৫টি দলের সঙ্গে বসার সূচি রয়েছে কমিশনের। দলগুলোর চেয়ারম্যান বা সাধারণ সম্পাদকের কাছে দুজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ইসি।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে ডাকা হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।
প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে বিএনপি ও জামায়াতসহ চারটি দল প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি; প্রথম দিনে ১৫টি দলের সঙ্গে মতবিনিময় করে কমিশন।
বিএনপির অনুরোধে দলটির সংলাপের দিন এক দিন পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, বিএনপির সঙ্গে সংলাপ এক দিন পেছানো হয়েছে এবং সোমবার দলটি অংশ নেবে। তবে সর্বশেষ খবরে জানা গেছে, সোমবারের সংলাপেও যাচ্ছে না বিএনপি; দলটি নতুন সময় চেয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায়। দলটি বিষয়টি ইসিকে মৌখিকভাবে জানিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শনিবার রাতে বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে ইসির সাথে বসতে চাই। এজন্য ইসির কাছে বিষয়টি জানানো হয়েছে। প্রথম দিনে জামায়াত জোটে যে দল ছিল তারা সংলাপে যাবে না; পরে যোগ দেবে।’
জামায়াতের জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, জোটের শরিকদের নিয়ে একসঙ্গে বসার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর; তবে সংলাপের সময় নির্ধারণের দায়িত্ব ইসির। নির্ধারিত দিনে কোনো দল জোটগতভাবে অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার শনিবার জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। তিনি আরও জানান, রোববারের আয়োজনে যারা অংশ নিতে পারবে না, তাদের জন্য পরবর্তী সময়ে সুযোগ থাকছে।
সংলাপের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। শেষ দিন ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে পাঁচ ধাপে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।




