সেগুনবাগিচায় গোলটেবিলে বক্তারা: গণমাধ্যমকে ফ্যাসিবাদী চর্চা থেকে মুক্ত করতে হবে
গণমাধ্যমকে পুরোনো ফ্যাসিবাদী চর্চা থেকে মুক্ত করার দাবি উঠেছে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে। বক্তারা বলেছেন, মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদে পছন্দের লোক বসলেও ভেতরে পুরোনো সেটআপ অপরিবর্তিত রয়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক তালুকদার রুমি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন খোমেনী ইহসান।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ফ্যাসিস্ট শক্তির অন্যতম প্রধান কৌশল এবং এর মাধ্যমে তারা সুবিধামতো বয়ান তৈরি করেছে। তিনি বলেন, বিগত ১৭ বছরের শেখ হাসিনার শাসনকালে দেশের প্রধান দুটি সংবাদপত্র ও মিডিয়া ‘দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে’ বলে একটি পরিকল্পিত বয়ান তৈরি করেছিল; জঙ্গিবাদের কথা বলা হলেও সাধারণ জনগণকে তাদের প্রকৃত পরিচয় বা প্রশিক্ষণের উৎস কখনো জানানো হয়নি, উল্টো বাড়িঘর ঘেরাও করে পুরো পরিবারকে বের করে আনার মতো ঘটনার পটভূমি এই মিডিয়াই তৈরি করে দিয়েছিল।
দিলারা চৌধুরী আরও বলেন, বিএনপি মিডিয়া হাউসগুলোর শীর্ষ পদে পছন্দের লোক বসিয়ে মোটা অঙ্কের বেতন ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করলেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো সেটআপ অপরিবর্তিত রয়ে গেছে। জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও গণমাধ্যমসহ সর্বত্র ‘ডি-ফ্যাসিজম’ বা ফ্যাসিবাদের কাঠামোগত মূলোৎপাটনের প্রক্রিয়া শুরু করা জরুরি বলে তিনি মত দেন।
তিনি বলেন, সম্প্রতি টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের পর দেশের প্রায় ৩০টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, অথচ যাদের উসকানিমূলক বক্তব্যের কারণে এই ক্ষয়ক্ষতি ঘটল, সেই সাংবাদিক বা মিডিয়ার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন রাজনীতির সূচনা করতে হলে গণমাধ্যমকে পুরোনো চর্চা থেকে মুক্ত করে নতুন রাজনৈতিক ধারার সঙ্গে পরিচিত করাতে হবে বলেও তিনি বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, বরং একটি কাল্টের মতো, এবং কমিউনিস্ট পার্টির মতো এরও শীর্ষ পর্যায়ের বয়ান তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার শক্তিশালী চ্যানেল রয়েছে।
রাজনৈতিক চিন্তক ও লেখক ফরহাদ মজহার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে জনগণকে নিয়ে লড়াই করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম প্রধান বিষয় ছিল নতুন রাষ্ট্র গঠন ও নতুন সংবিধান তৈরি, কারণ আওয়ামী লীগের সংবিধানের মধ্যে ফ্যাসিবাদের বীজ রয়েছে বলে তিনি মনে করেন। ১৯৭২ সালের সংবিধান তৈরিতে এ দেশের মানুষের মতামত ও চাহিদা প্রতিষ্ঠিত হয়নি বলেও তিনি দাবি করেন এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে যা করা দরকার ছিল তা করা হয়নি বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য ছিল, সাম্প্রতিক সময়ে তা প্রায় আগের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে; মাঝখানে কিছুদিন তারা ঘাপটি মেরে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল এবং মূলধারার গণমাধ্যমের সামাজিক চ্যানেল ও পেজে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের নতুন করে হত্যাযোগ্য করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি বলেন।
এম আবদুল্লাহ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম সংস্কারে দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কারকাজ বাধাগ্রস্ত হয়েছে এবং যেসব আমলা বা সচিব জুলাইয়ের শক্তিকে সহায়তা করতে বাধা দিয়েছেন, তারা এখনো পদে বহাল আছেন। এই বাস্তবতায় জুলাইয়ের চেতনা ধারণকারীদের আরও সক্রিয় ও সোচ্চার হওয়া প্রয়োজন বলে তিনি মত দেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য আবার বাড়ছে; মিডিয়াগুলো আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ ও নিষিদ্ধ বলে না এবং অপরাধীদের পক্ষে সাফাই গেয়ে ‘ব্যালান্সড নিউজ’-এর নামে বয়ান তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন। বিগত সময়ে ফ্যাসিবাদের পক্ষে কাজ করা সাংবাদিকদের মিডিয়া হাউসে আবার পুনর্বাসিত করা হচ্ছে, অন্যদিকে জুলাই আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-জনতার সংবাদ আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়া সাহসী সাংবাদিকদের এখন চাকরিচ্যুত করা হচ্ছে বলেও তিনি বলেন।
শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, গত ৫৪ বছর ধরেই ফ্যাসিবাদের মধ্যে বসবাস করা হচ্ছে। তিনি বলেন, ১৬ বছর হাজার হাজার মানুষকে হত্যা করা সত্ত্বেও সংবাদমাধ্যমে সেটিকে কিছুই না হিসেবে দেখানো হয়েছিল; পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার সময় গণমাধ্যমের ভূমিকা ছিল না, সত্য ঘটনা বুঝতে দেওয়া হয়নি এবং পাশের দেশের আধিপত্য মিডিয়া চেপে রেখেছিল।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই শক্তির মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি ও জামায়াত নিয়ে এবং আওয়ামী লীগ বিরোধী দল হলে বিএনপির অবস্থান কী থাকবে, সে প্রশ্নও তিনি তোলেন।

