…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভারে ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জে’ ২৭০ তরুণ, পুরস্কার পেল তিন কমিউনিটি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
সাভারে ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জে’ ২৭০ তরুণ, পুরস্কার পেল তিন কমিউনিটি উদ্যোগ
ছবি: সংগৃহীত

সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাকের উদ্যোগে গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিয়েছেন।

আয়োজনটিতে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি ছিল মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা কার্যক্রম। এবারের প্রতিপাদ্য ছিল ‘একতায় গড়ি আগামী’, যা সুন্দর আগামীর পথ নির্মাণে তরুণ নেতৃত্ব ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেছেন, শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। তাঁর ভাষায়, নেটওয়ার্কের মাধ্যমে অনেক মানুষকে চেনা যায়; কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।

আসিফ সালেহ্ আরও বলেছেন, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে এবং দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাঁর মতে, কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধ থেকে; সেখানে ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয় এবং কেউ ব্যর্থ হলে তাঁকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হয়।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেছেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ (এএনএন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও চেঞ্জমেকার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছেন। বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় তিন হাজার অ্যালামনাই রয়েছেন, যা আগামী বছরের শেষ নাগাদ ছয় হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেছেন, বাংলাদেশে হাজারো সমস্যা রয়েছে এবং তরুণেরাই এর সমাধান করবেন; তরুণদের উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে হয়, সে লক্ষ্যেই এএনএন কাজ করছে।

শরিফুল ইসলাম হাসান জানান, কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল নতুন নেটওয়ার্কের তরুণ চেঞ্জমেকারদের নেতৃত্বে পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী। স্থানীয় সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের তৈরি পণ্য, সেবা ও সমাধানগুলো নিজ নিজ কমিউনিটির সঙ্গে যৌথভাবে প্রদর্শনীতে তুলে ধরা হয়।

এ বছর সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা মোট ১০টি কমিউনিটি প্রকল্প ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়। চূড়ান্ত পর্বে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা বিবেচনায় তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়া উদ্যোগগুলো হলো চা-বাগান জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’; ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতার উদ্যোগ ‘কানন’; এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টির উদ্যোগ ‘শূন্য’। বিজয়ীরা পাবেন ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনিউরস ফেলোশিপ।

তরুণেরা কীভাবে সম্ভাবনাময় ধারণাকে কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগে রূপ দিতে পারেন, তা নিয়ে সেশন পরিচালনা করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আবদুল কাদির এবং অ্যালামনাই আলোচনায় অংশ নেন এএনএনের অ্যালামনাই বিথী আক্তার।

আয়োজনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের নাটক ও পাপেট শো পরিবেশিত হয়। শেষ পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে এএনএনের তরুণ সদস্যদের পাশাপাশি সংগীত পরিবেশন করে ব্যান্ড শিরোনামহীন ও শিল্পী মিফতাহ জামান।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করছে। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এই উদ্যোগের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন এবং নেটওয়ার্কের অ্যালামনাইরা এখন পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ…

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ
জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ

জনপ্রশাসনে বড় রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প…

জাতীয়

জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসলা…

জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্…