পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে কয়লাশ্রমিক বহনকারী দুটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র বন্দুকধারীরা। রোববার (২৯ নভেম্বর) বেলুচিস্তানের পার্বত্য জেলা কোহলুতে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
কোহলু পুলিশ প্রধান তৈয়ব ইকবাল জানান, চামালাং কয়লা খনিতে কর্মরত ওই শ্রমিকেরা দুটি মিনি-ট্রাকে করে যাচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা যানবাহন দুটির গতিরোধ করে।
পুলিশ প্রধান তৈয়ব ইকবাল বলেন, হামলাকারীরা দুই চালককে ছেড়ে দেয়। এরপর শ্রমিকদের কাছাকাছি একটি পার্বত্য এলাকায় নিয়ে গিয়ে তাঁদের হত্যা করা হয়।
তৈয়ব ইকবাল আরও জানান, ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি হামলাটিকে চরম বর্বরতা বলে আখ্যা দিয়েছেন।
রোববারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে অশান্ত এই প্রদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত বহু হত্যাকাণ্ডের জন্য বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করে আসছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে জর্জরিত।




