দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসে ৭ হাজার ৩৬০ মিটার বিদ্যুতের তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি বেড়ে গেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭ হাজার ৩৬০ মিটার বিদ্যুতের তার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা বিভিন্ন এলাকায় খুঁটিতে উঠে তার কেটে নিয়ে যাচ্ছে। রাতে পুলিশের টহল জোরদার করলে এ ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন তাঁরা।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ফুলবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর ও অক্টোবরে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।
এর মধ্যে ১১ কেভি আমডুঙ্গি গুলায়াপাড়া ফিডারের তার চুরি হয়। রাজারামপুর এলাকা থেকে চার স্প্যান এলটি লাইনের প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার তার চুরি হয়।
একই রাতে শাহবাজপুর ফিডারের ধনতলা-বেলপুকুর এলাকা থেকে পাঁচ স্প্যানের প্রায় ০ দশমিক ৯ কিলোমিটার তার চুরি হয়।
শহরের সেনা মার্কেটসংলগ্ন মধ্যপাড়া সড়কের সুমন স-মিলের বিদ্যুতের সংযোগের তার চুরি হয়েছে। ঢাকা মোড়ের একটি তুলার মিলের তারও চুরি হয়েছে।
ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মূল লাইন থেকে পাঁচ স্প্যান তার চুরি হয়। কৃষ্ণপুর-গোকুল সড়কে ফাঁকা রাস্তায় চারটি পোলের ১১ কেভির প্রায় ৪০০ মিটার মেইন লাইনের তার কেটে নিয়ে গেছে চোরেরা।
শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি পৌর এলাকার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপের কয়েক গজ বিদ্যুতের তার চুরি হয়। পরে একই স্থানে দ্বিতীয় দফায় তার চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ৪৪০ ভোল্টের এলটি লাইনে এক স্প্যান তারের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রতিটি স্প্যানে চারটি ডাবল তার থাকে। সেই হিসাবে সেপ্টেম্বর ও অক্টোবরে চুরি হওয়া তারের পরিমাণ প্রায় ৭ হাজার ৩৬০ মিটার।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, যারা চুরি, ছিনতাই, ডাকাতিসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তারা বেশির ভাগই মাদকসেবী বলে দেখা গেছে। তিনি বলেন, পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
নেসকোর ফুলবাড়ী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায় বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুতের তার এবং ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাঁরা থানায় একাধিক অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের তারসহ অন্যান্য চুরি বন্ধে আলোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।




