…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আন্তর্জাতিক

নিরাপত্তা, সমৃদ্ধি আর সংস্কার — তিন প্রতিশ্রুতির সবচেয়ে কঠিন পরীক্ষায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নেতৃত্বে রয়েছেন প্রায় এক দশক ধরে। কিন্তু আগামী কয়েক মাস তাঁর জন্য হয়ে উঠতে পারে এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি দেশের মানুষকে তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন — নিরাপত্তা, সমৃদ্ধি ও সংস্কার। সম্প্রতি রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের হামলার মতো ঘটনাগুলো সেই তিন প্রতিশ্রুতির ভিতকেই একসঙ্গে নড়বড়ে করে দিয়েছে।

২০১৫ সালে প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল সামরিক অভিযানের সমন্বয় করেছিলেন যুবরাজ। সেই অভিযানের মধ্য দিয়েই তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন, সৌদি আরবের ক্ষমতায় এসেছে নতুন নেতৃত্ব।

সম্প্রতি রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে, অনেক বিমানকে অন্যত্র পাঠিয়ে দিতে হয়েছে। আতঙ্কিত যাত্রীদের ছোটাছুটির দৃশ্য ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এমবিএসের জন্য এই হামলা আরও যন্ত্রণাদায়ক, কারণ তা তাঁর দেশের মানুষের সঙ্গে গড়া অলিখিত সমঝোতার প্রধান স্তম্ভেই আঘাত হেনেছে।

সৌদি আরব শাসন করা সহজ নয়। দেশটির জনসংখ্যা তরুণ, গড় বয়স মাত্র ২৫ বছর। তার সঙ্গে জড়িয়ে রয়েছে তরুণ প্রজন্মের বিপুল আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও অসন্তোষ। যুবরাজ চান স্থিতিশীলতা ও আনুগত্য; বিনিময়ে দিয়েছেন নিরাপত্তা, সমৃদ্ধি ও সংস্কারের প্রতিশ্রুতি। আন্তর্জাতিক ক্ষেত্রেও সৌদি আরবকে এমন নির্ভরযোগ্য ও আকর্ষণীয় দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, যেখানে বিনিয়োগ করা যায়, পর্যটনের জন্য আসা যায়।

কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সেই বয়ানের ভিত প্রথমবারের মতো দুর্বল করে দেয়। পাল্টা আঘাত হানতে গিয়ে ইরান যাদের নাগালের মধ্যে পেয়েছে, তাদেরই নিশানা করেছে — যার মধ্যে সৌদি আরবও রয়েছে। সৌদি রাজতন্ত্রের তেল পরিকাঠামোর ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে।

এবার হুতিরা দেখিয়ে দিয়েছে, এমবিএসের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও আঘাত হানার সামর্থ্য তাদের রয়েছে। রিয়াদ বিমানবন্দরে একাধিকবার হামলা হয়েছে। দেশের পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দরও আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সৌদি আরামকোর সদর দপ্তরে; সৌভাগ্যবশত ওই হামলায় কেউ হতাহত হননি।

বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলির অন্যতম সৌদি আরব; প্রতিরক্ষা খাতে দেশটির ব্যয় জিডিপির ৬ দশমিক ৫ শতাংশ। তবু দেশটিকে শাসন করার চেয়েও বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করা কঠিন। বিস্তীর্ণ ভূখণ্ডজুড়ে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে ইরান ও তার সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলি তিন দিক থেকে নিশানা করতে পারে, অন্যদিকে সৌদি সশস্ত্র বাহিনীও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে এবং রাজনৈতিক কারণে কমান্ড কাঠামো ঐতিহ্যগতভাবেই খণ্ডিত।

এর সঙ্গে যুক্ত হয়েছে হিসাবের আরেক জটিলতা। হুতি বা ইরান যে ড্রোনগুলো ছুড়ছে, সেগুলো পশ্চিমা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা ও সংখ্যায় অনেক বেশি। অথচ সেগুলো ধ্বংসের ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও সংগ্রহ অনেক বেশি ব্যয়বহুল। ফলে নিরাপত্তার প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যভাবে রক্ষা করা যুবরাজের পক্ষে কঠিন হয়ে পড়ছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু হয়েছে, কয়েকটি সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতিও দিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও বাড়তে পারে উদ্বেগ।

সমৃদ্ধির প্রতিশ্রুতিতেও চাপ বাড়ছে। চলতি মাসের শেষ দিকে যুবরাজের আয়োজন করার কথা জাঁকজমকপূর্ণ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের; কিন্তু অতীতের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব ও বড় বিনিয়োগকারীদের সমাবেশ ঘটানো এবার সহজ হবে না, কারণ অর্থলগ্নিকারীরা সাধারণত অনিরাপদ মনে করা জায়গায় বিনিয়োগে অনিচ্ছুক হন।

২০৩০ সালের মধ্যে সৌদি আরবে বছরে ১০০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য রয়েছে। গত বছর এই বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল; কিন্তু ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে তা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে। বিদেশি বিনিয়োগের ধারাবাহিক প্রবাহ না থাকলে তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার প্রচেষ্টাও ধাক্কা খেতে পারে।

আর্থিক চাপও স্পষ্ট। চলতি বছরে সৌদি আরবের রাজস্ব ঘাটতি জিডিপির প্রায় ৫ শতাংশে পৌঁছতে পারে বলে অনুমান। তেল পরিকাঠামোয় হামলার আশঙ্কা ও হরমুজ প্রণালিকে ঘিরে হুমকির কারণে ২০২৬ সালে দেশটির জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে বলে সৌদি অর্থ মন্ত্রক পূর্বাভাস দিয়েছে, যার প্রধান কারণ পেট্রোলিয়াম খাতে ২১ দশমিক ৮ শতাংশ পতনের সম্ভাবনা। দেশে বর্তমানে যে ঋণ দেওয়া হচ্ছে, তার বড় অংশ যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে সহায়তায় — অগস্টে বেসরকারি ক্ষেত্রের তুলনায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তিন গুণ দ্রুত হারে ঋণ দিয়েছে ব্যাঙ্কগুলি।

তৃতীয় প্রতিশ্রুতি সংস্কার নিয়েও প্রশ্ন বাড়ছে। ন্যায্যভাবে বলতে গেলে, তাঁর আমলে পুরুষ অভিভাবকত্ব আইনে শিথিলতা, নারীদের গাড়ি চালানোর অধিকার ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর মতো একাধিক পরিবর্তন এখন সৌদি সমাজে স্বাভাবিক বিষয়। কিন্তু নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা ক্রমশ কঠিন হলে সংস্কারের গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়; সংস্কার কর্মসূচিই তাঁর রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি, অথচ সেগুলো অসন্তুষ্ট মানুষের একত্র হওয়ার উপলক্ষও হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক পুনর্গঠনে তাঁর আগ্রহ কিছুটা আশার সঞ্চার করেছে। সম্প্রতি তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ‘অবিভাজ্য’ — এক দেশের নিরাপত্তাকে অন্য দেশগুলোর নিরাপত্তা থেকে আলাদা করে দেখা যায় না। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তাও একই অভিব্যক্তি ব্যবহার করেছেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেছে তাঁর বক্তব্যের ভাষায়। গত মাসে শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে তিনি ভবিষ্যতের ঝলমলে নতুন শহর বা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার বদলে কথা বলেছেন অতীত নিয়ে — নিজের উত্তরাধিকার ও পারিবারিক শাসন-ঐতিহ্যের কথা তুলে ধরে দাবি করেছেন, তাঁর পরিবার তিন শতাব্দীরও বেশি সময় ধরে সৌদি আরব শাসন করে আসছে এবং তিনি সেই ঐতিহ্যেরই উত্তরসূরি। কর্মজীবনের সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই তরুণ নেতা এখন সংকট মোকাবিলায় ফিরে তাকাচ্ছেন অতীতের দিকেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

হরমুজের কাছে ট্যাংকারে হামলার পর তেল ছড়িয়ে বন্ধ আমিরাতের সৈকত

ইরান যুদ্ধের মধ্যে উপসাগরীয় জলসীমায় একের পর এক জাহাজে হামলার ঘটনার মধ্যেই এবার ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক…

আন্তর্জাতিক

প্রায় ছয় বছর পর মায়ের কণ্ঠ শুনলেন অং সান সু চির ছেলে কিম অ্যারিস

প্রায় ছয় বছর বন্দি থাকার পর মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির প্রথম কথা ছিল ছেলের স্বাস্থ্যের খোঁজ নেওয়া। ৮১ বছর বয়সী মায়ের সঙ্গে ছেলে ক…

আন্তর্জাতিক

হেবরনে হামলা ঠেকানোর পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ নেতানিয়াহুর

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে একটি হামলা প্রতিহত করার পর পুরো পশ্চিম তীরজুড়ে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ন…

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠল অতি-অর্থোডক্সদের সেনাবাহিনীতে যোগদানের প্রশ্ন

একাধিক ফ্রন্টে যুদ্ধের পরিণতি, নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহির দাবি আর জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ — এমন অনেক সংকটের মধ্যেই ২৭ অক্টোবরের নির্বাচনের দ…