‘কিং’-এর প্রথম পোস্টারে কালো পোশাকে রক্তের দাগ নিয়ে শাহরুখ, সংলাপে লিখলেন ‘খুনি নই, প্রেমিক’
মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান। পোস্টারে তাঁর নতুন লুক যেমন নজর কেড়েছে, তেমনি তাঁর দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
গত বছর নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে তাঁর জন্মদিন, তার আগেই এই নতুন পোস্টার প্রকাশ করলেন তিনি। ‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয় এবং শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়।
পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ। তাঁর চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন এবং পুরো দৃশ্যজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ।
পোস্টারের সঙ্গে একটি সংলাপও জুড়ে দিয়েছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে; পোস্টারেই তা উল্লেখ রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স।
তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচারমূলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে।
নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে।



