একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ রাত ৮টায়, ফল ৩০ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন না করা, কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
গত সোমবার তৃতীয় ধাপের আবেদন শুরু হয়। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায়।
গত ১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা ফি দিতে হবে না। তাঁদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
এ ধাপে আবেদন করতে ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রাখা যাবে।
আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে আজ বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদনের সুযোগ পাবেন। কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে।
নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভুলভাবে আবেদন করা বা সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।



