নেদারল্যান্ডসে চিতাবাঘের খাঁচায় আক্রান্ত চিড়িয়াখানা কর্মীর মৃত্যু, তদন্ত শুরু হচ্ছে

নেদারল্যান্ডসের একটি চিড়িয়াখানায় চিতাবাঘের আবদ্ধ এলাকায় আক্রান্ত হয়ে আহত অভিজ্ঞ এক নারী কর্মী কয়েক দিন পর মারা গেছেন। সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ওই নারী বিকসে বার্গেন পার্কে ৪০ বছর ধরে কাজ করছিলেন। শনিবার তিনি পার্কের একটি অভ্যন্তরীণ স্থাপনায় দুটি পারস্য চিতাবাঘের যত্ন নিচ্ছিলেন, তখনই তাঁর ওপর আক্রমণ হয়।
আক্রমণে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত লাগে। অস্ত্রোপচার করা হলেও তিনি বাঁচেননি; মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
মৃত্যুর খবর জানিয়ে দক্ষিণ নেদারল্যান্ডসের বিকসে বার্গেন পার্ক বলেছে, ওই কর্মী ১৭ বছর বয়সে সেখানে কর্মজীবন শুরু করেছিলেন এবং চার দশক ধরে মাঝে মাঝে বিরতি দিয়ে হলেও সেখানেই কাজ করেছেন।
পার্কের বিবৃতিতে বলা হয়েছে, ‘তাঁর মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁর পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ তাঁর পরিবার ও সহকর্মীদের পাশে থাকা।’
সাধারণত দুটি চিতাবাঘকে কর্মীদের থেকে দূরেই রাখা হয়। তবে খারাপ আবহাওয়ার কারণে সেগুলোকে ভেতরে আনা হয়েছিল।
খাঁচার ভেতরে ঠিক কী ঘটেছিল, তা স্পষ্ট নয়, কারণ আবদ্ধ এলাকাটির ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।
স্থানীয় সংবাদ ওয়েবসাইট এনএল টাইমস জানিয়েছে, আহত অবস্থাতেও তিনি ওয়াকি-টকির মাধ্যমে সহকর্মীদের সতর্ক করতে পেরেছিলেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়, সেখানে কয়েক দিন পর তাঁর মৃত্যু হয়।
পার্কের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যম ওমরোপ ব্রাবান্টকে বলেছেন, চিতাবাঘ দুটি স্বাভাবিক আচরণই করেছিল এবং সেগুলোকে মেরে ফেলা হবে না।
ঘটনাটি নিয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করা হবে বলে পার্ক জানিয়েছে। এ ছাড়া অতিথি ও কর্মীদের শোক প্রকাশের জন্য পার্কে একটি স্মারক স্থান তৈরি করা হবে।




