স্বাস্থ্য খাতে অপরিকল্পিত ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য খাতে বরাদ্দ বিপুল অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অপরিকল্পিত ব্যয়, চটকদার উন্নয়ন ও জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং উচ্চ রক্তচাপের ওষুধপ্রাপ্তির উপায় ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সরকার ৭০ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বিপুল অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দুর্নীতি যেন বরাদ্দের অর্থের অপব্যবহারের সুযোগ তৈরি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, শুধু দামি যন্ত্রপাতি কেনা কিংবা হাসপাতাল ভবন নির্মাণ করে এসব রোগের প্রকোপ মোকাবিলা করা সম্ভব নয়। প্রান্তিক মানুষের কাছে নিয়মিত ওষুধ সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধমূলক সেবায় বিনিয়োগ বাড়ানো জরুরি বলে তিনি মত দেন।
বিগত সময়ে পরিকল্পনা ছাড়াই সেক্টরওয়াইড প্রোগ্রাম ও অপারেশনাল প্ল্যান বন্ধ করে দেওয়ার ফলে টিকাদান কর্মসূচি থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ পর্যন্ত স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে বিঘ্ন ঘটেছিল বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, সদিচ্ছা থাকলেই প্রশাসন পরিচালনা করা যায় না; প্রতিটি সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
ভবিষ্যতে স্বাস্থ্য খাত কোন কাঠামো ও পদ্ধতিতে পরিচালিত হবে, তা নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে আবারও গোলটেবিল বৈঠকের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা ও প্রস্তাবনা তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী মুহিত।




