রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১ হলে একটি করে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলের প্রতিটিতে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) বিজয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে হল সংসদগুলোর কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।
রাকসু নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা জানান, ফ্রিজগুলো রাকসুর তহবিলের অর্থে কেনা হয়নি; বিভিন্ন জায়গা থেকে স্পনসর সংগ্রহ করে এগুলোর ব্যবস্থা করা হয়েছে।
ফ্রিজ গ্রহণ করে শাহ মখদুম হলের ভিপি শামীম পাটোয়ারী বলেন, গত বছরের ১৬ অক্টোবর হল ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জনের পর থেকে তাঁরা হল ও ক্যাম্পাসে কাজ করার চেষ্টা করছেন। তহবিল সীমিত ছিল বলে তিনি উল্লেখ করেন।
শামীম পাটোয়ারী আরও বলেন, এ মাসের শুরুতে হল সংসদগুলোর পক্ষ থেকে উপাচার্যের কাছে ফ্রিজ, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাবের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রশাসন বা রাকসুর তহবিল থেকে অর্থের ব্যবস্থা না হলেও নিজস্ব উদ্যোগে স্পনসর সংগ্রহ করে ফ্রিজ দেওয়ায় তিনি রাকসুকে ধন্যবাদ জানান।
রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, শিক্ষার্থীদের প্রতি তাঁদের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দেওয়া, আর সেই অঙ্গীকার তাঁরা বাস্তবায়ন করতে পেরেছেন। তবে এসব ফ্রিজ সব শিক্ষার্থীর জন্য যথেষ্ট না-ও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সালমান সাব্বির আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ফ্রিজ দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। সদিচ্ছা ও সৎ নিয়ত থাকলে অনেক কিছুই সম্ভব — শিক্ষার্থীদের তা দেখাতে চান বলে তিনি জানান।
রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের দীর্ঘদিনের চাহিদা ছিল। ছাত্রদের হলে ফ্রিজ না থাকায় সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে।
মুস্তাকুর রহমান জাহিদ জানান, প্রথম ধাপে ছাত্রদের সব হলে ফ্রিজ দেওয়া হচ্ছে; পরবর্তী ধাপে ছাত্রীদের হলগুলোতেও ফ্রিজ দেওয়ার চেষ্টা করা হবে। রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি বলেন।




