জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
আলী রেজা বলেন, বুধবার ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই সময়ে শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ডেপুটি রেজিস্ট্রার জানান।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে না।
ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলী রেজা বলেন, পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। ফলে ফি পরিবর্তনের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।




