কুয়েটে শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় তদন্তের পর তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত সাতজনই দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরিতে যোগদান এবং নিয়োগের সময় বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তদন্তের পর তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র।
তালিকায় আরও রয়েছেন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
শিক্ষকদের পাশাপাশি চাকরিচ্যুত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা গণমাধ্যমকে বলেন, ১৭ অক্টোবরের ১১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল।
রেজিস্ট্রার আরও বলেন, অভিযোগ তদন্তের পর অনেকের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছিল; কেউ ব্যাখ্যা দিয়েছেন, কেউ দেননি। সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে পাঁচ শিক্ষক এবং একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।




